দূর্বা

বিশ্বজিত মুখার্জ্জী (গণপুর, পূর্ব বর্ধমান)

উড়তে উড়তে আকাশ ছুঁয়েছি
নিষেধের দিকে ডানা…
বাড়িয়েছি দু-পা সামনের পথে
সাময়িক চেনাজানা।

চিনেছি যখন বুঝেছি তখন
হারাবার ভয়ভীতি…
অতীতের ছবি চোখের পলকে
সঞ্চয় করে স্মৃতি।

পিছু পিছু ছোটে খেয়ালী অতীত
টানহীন ছেঁড়া সুতো…
পতিত হয়েছে অনুভূতি আজ
স্বপ্ন জীবন্মৃত।

ছুঁৎমার্গের চলতি পথেতে
অনাদরে ঝরে ফুল….
দিনের আলোয় আমরা সকলে
স্বপ্নেতে মশগুল।

ইঙ্গিতবাহি শব্দ সমুহ
চলতি পথের সাথী…
দীপালীর রাতে দেউলিয়া হয়
দেউলের মোমবাতি!

ক্ষয়ে যায় সেও তরল গলনে
সময় যাবার আগে….
মৃত্তিকা জুড়ে দূর্বার বাস
নরম গালিচা লাগে।

সবুজ সতেজ নরম দূর্বা
প্রকৃতির মহাদান…
উড়তে চাওয়া দূর্বার বুঝি
আকাশে হয়-না স্থান!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *