কাজল মিত্র: বারাবনি:- দোমাহানি কেলেজোড়ার কল্যাণ ভবনে হাজার মুসলিম সমাজের উদ্যোগে আজ ওয়াকফ সংশোধনী আইন বিষয়ে একটি আলোচনা সভা এবং ‘উমিদ পোর্টাল’ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ কামরুদ্দিন।
মূল বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী আইয়ুব আনসারী। তিনি দাবি করেন, সংশোধিত আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তিকে সরকারি সম্পত্তির আওতায় আনার “চক্রান্ত” শুরু করেছিল। তবে সাম্প্রতিক আদালতের রায়ে সেই প্রচেষ্টায় বাধা এসেছে — যা তিনি “জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের ফল” বলে মন্তব্য করেন। আইয়ুব আনসারী হাজার মুসলিম সমাজের এই উদ্যোগকে প্রশংসা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন আসানসোল জামা মসজিদের ইমাম মুফতি খুরশিদ আকরাম রহমানী, বার্ণপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসরাইল, বিবাহ রেজিস্টার ইমামুদ্দিন, সংগঠনের সম্পাদক আব্দুল কাইয়ুম।
কলকাতা থেকে ভার্চুয়ালি যুক্ত হন ওয়াকফ বোর্ডের আইনজীবী আব্দুর রাকিব।
তিনি ‘উমিদ পোর্টাল’-এ রেজিস্ট্রেশন প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। রাকিব বলেন, অন্যান্য রাজ্যে যেখানে ২০ হাজার ওয়াকফ এস্টেট রেজিস্টার হয়েছে, পশ্চিমবঙ্গে এখনো ৬ শতাধিক পূর্ণ হয়নি। আগামী ৫ ডিসেম্বর পোর্টাল বন্ধ হয়ে গেলে পরবর্তী সময়ে ভোগান্তি ও মামলা ছাড়া পথ থাকবে না — বলে তিনি সতর্ক করেন। এ কারণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেই এখন উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
মুফতি খুরশিদ আকরাম ও মাওলানা ইসরাইল শরীয়ত অনুযায়ী ওয়াকফ সম্পত্তির সংজ্ঞা ও ব্যবহার ব্যাখ্যা করেন।
আজকের সভায় জামুরিয়া-বারাবনি এলাকার শতাধিক মসজিদ কমিটির প্রতিনিধি অংশ নেন।
