তিতলী রায় (কলকাতা)

তখনও অর্ধেকের বেশি আলো নেই
দু’চোখে ক্লান্তি হতাশা নিয়ে অপেক্ষা মন,
চারিদিকে শুধু মহাশূন্যে পরিভ্রমণ করা
এখনও কিছুটা সময় বাকী তাকিয়ে কিছু জনগণ।
দেখতে দেখতে ধেয়ে আসছে দিনের শেষ সূর্য কিরণ
জেগে আছো তুমি, নাকি আজও সেই ঘুমন্ত,
মাঝে মাঝে মৃদু পায়ে এগিয়ে আসার শব্দ,
ফিরে দেখি শুধুই মনের অন্তঃপুরের সুপ্ত কামনায় মন জব্দ।
এ কোন ভালোবাসা খুঁজে ফেরে অলিগলি
যন্ত্রণায় ছটফট করে বুকের ভিতর চাপা উত্তেজনা,
নেই কেউ যে বুঝবে অস্তপারের এ হৃদয়ের গভীরতা
কেটেছে নির্জনে কতো বসন্ত তুমি বোঝো না।
প্রতিটি দিনের শুরু হয় শুধু তোমাকে ভেবে
সেই ক্ষণিকের অনুভূতিটাই আজও জীবিত,
সময়ের স্রোতে পাল তুলে কতো বসন্ত কেটেছে
নীরবে আকাশ পানে চেয়ে মন হয়েছে ব্যথিত।
পড়ন্ত গোধূলি বেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সিঁদুর রঙ
কুড়িয়েছি প্রতিনিয়ত একটু একটু করে,
তোমার ঐ ঘনকালো চুলের মাঝে রাঙাবো কপাল
কামনা বাসনা নয় পূর্ণতা পাবে এইটুকু শুধাইব সবারে।
তবুও মন পাগলপারা উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ
ধীরে ধীরে অন্ধকার নেমে এসেছে তাদের নিয়মেই,
আরও একটি নিশিযাপনের অপেক্ষায় এ মন
না জানি কবে হবে অবসান উওর শুধু সময়েই।