ধোঁয়া

দামিনী সুদীপা ব্যানার্জ্জী (পূর্ব বর্ধমান)

ধোঁয়া,
তুমি মনুষ্য প্রজাতির জীবনে গুরুগিরি।
তুমি জাঁকিয়ে বসে আছ মনুষ্য সমাজের দাম্ভিক মস্তিষ্কে,ঠিক যেন কালীয় দমনে কৃষ্ণ।
তোমাকে দেখেই বুঝতে পারি তোমার মেরুদণ্ড কতটা শক্ত; তাই তো তুমি ঊর্ধ্বমুখী প্রবণতায় চলো সবসময়।
তুমি মাথা হেঁট করতেই শেখোনি কোনোদিন এই বহুরূপী মনুষ্য সমাজের কাছে।
স্বার্থ-সাধকের খল-কপটের গতিশীলতায় তুমি জাড্য হয়ে বসে আছ আমৃত্যু।
ওরা কিন্তু জানে,তুমি কতটা উগ্র আর ঝাঁঝালো;
এতটাই ঝাঁঝালো যে, তিলে তিলে শেষ করে দিতে পারো অবিবেচক আর অবাধ্য উস্কানিতে দাপিয়ে বেড়ানো দামাল ফুসফুসগুলোকে।
ওরা তোমার সাথে এঁটে উঠতে পারে না,তবুও তোমার পিছু ছাড়ে না।
তোমাকে লেলিয়ে দেয় দাহ্য দহনের অসিতবর্ণে।
ওরা নিজেদের স্বার্থে তোমাকে ধরে রাখতে চায় – সিগারেটে,ধূপ কাঠিতে,চিমনিতে।
তুমি বিষাক্ত জেনেও তোমাকে শ্বাসের সাথে মিশিয়ে পাকাপাকি ভাবে পোক্ত করে তোমার স্থায়ীত্ব।
তুমি ওদের কাঁদাও,এমনকি এক খাবলা কালো হয়ে ওদের চোখে,নাকে ,মুখে ঢুকে ওদের ভীষণ জব্দ করো;তবুও ওদের এতটুকু ক্ষমতা নেই তোমাকে দমিয়ে রাখার।
মাঝেমধ্যে একটু দূষণ দূষণ চিৎকার আর একটু তোমার নামে নিন্দে,ব্যাস;এটাই ওদের পুঁজি।
ওরা শুধু ফণা উঁচিয়ে ফোঁস করতেই পারে; তোমাকে ছোবল মারার ক্ষমতা ওদের নেই।
তুমি ধন্য ধোঁয়া,তুমি ধন্য।
সামান্য লতিয়ে গিয়েও কেমন করে সব গ্রাস করতে পারো!
তোমার ক্ষমতায় দূষণ আছে জেনেও এই মনুষ্য প্রজাতি আজীবন তোমায় সাহস দিয়ে যাবে।
আরও শক্ত করে তুলবে তোমার শিরদাঁড়া।
শুধু মাঝে মধ্যে নিজেদের লজ্জা ঢেকে রাখার তাগিদে দূষণ দূষণ বলে চিৎকার করে নিজেদের ইতিবাচক করে তোমাকে করে তুলবে নেতিবাচক;ওদের দৌড় এতটুকুই।
অন্যের ইষ্টানিষ্টের কথা না ভেবে স্বকার্য সাধনে তৎপর এই মনুষ্য প্রজাতি তোমাকে স্বার্থে ব্যবহার করবে,সারাজীবন তোমার ওড়ার জন্য তোমাকে দাহ্য জোগাতে থাকবে; প্রয়োজনে হয়তো নিজেরাও দাহ্য হবে তোমাকে উৎসাহ জোগাতে।
তবুও তোমায় পালিয়ে যেতে দেবে না ওরা।
ভাগ্যিস তুমি সরীসৃপ নও,ভাগ্যিস তুমি বুকে হেঁটে মাটিতে মিশে যাও না; না হলে এই মনুষ্য প্রজাতি তোমার মাথা থেঁতলে পুঁতে দিত মাটির গভীরে।তুমি অস্তিত্বহীন হয়ে নিরবে মিশে যেতে মাটির বুকে, হয়ে যেতে জীবাশ্ম। তুমি সাহসী আর ঊর্ধ্বমুখী বলেই বিষাক্ত হয়েও সবার কাছে গুরুত্ব পাও।
তাই মনুষ্য প্রজাতির আশকারাতে তুমি এভাবেই এগিয়ে যাও ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *