নখের শখ

মৌসুমী মন্ডল (কলকাতা)

হাতে পায়ে রাখে যারা বড় বড় নখ,
আমার ও তাদের দেখে জাগে খুব শখ।
আঙুলের নখ হবে মনমাতানো রঙে,
রাঙাবো তাদের আমি মনোরম ঢঙে।
শুরু হলো শখটাকে পূরণের পালা,
ধীরে ধীরে বাড়ে নখ,আর বাড়ে জ্বালা।
সকালে উঠেই শুরু করি তড়িঘড়ি,
দাঁত ব্রাশ পরে,আগে নখ ব্রাশ করি।
মাজা ঘষা করে নখ চকচকে হলে,
দাঁত গুলো সাফ করি কোনোমতে জলে।
খেতে বসে হাত দিয়ে ভাত মেখে খাই,
চেয়ে দেখি নখ গুলো সাদা আর নাই।
কলাফুলে(মোচা)নখগুলো হয়ে গেছে কালো,
হাত বাদ,চামচেই খাওয়া শুরু হলো।
বাসন মাজি না আর,কাচি না কাপড়,
সব মনোযোগ শুধু নখের ওপর।
লেখার খাতায় মন যদি বা বসাই,
নখের দিকেই শুধু বারে বারে চাই।
কত সুন্দর নখ!যেন চমকায়!
নখের দিকেই চেয়ে হাঁটি রাস্তায়।
হাঁটতে হাঁটতে খাই হোঁচট হঠাৎ,
কি যেন ভাঙ্গলো, হলো আওয়াজ পুটুৎ।
হাতটাতে ভয়ানক করে ওঠে ব্যাথা,
সেদিকে তাকিয়ে ভয়ে ঘুরে ওঠে মাথা।
নখ ভেঙে গেঁথে গেছে আঙুলের মাঝে,
মরে যাই ব্যাথায় আর মরে যাই লাজে।
উচিৎ শিক্ষা বাপু হয়েছে আমার,
কোনোদিন বড় নখ রাখবো না আর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *