সংবাদদাতা, নয়াদিল্লি -:
বর্তমানে বিভিন্ন সরকারি পরিষেবা পেতে আধার কার্ড অপরিহার্য হয়ে উঠেছে। পাশাপাশি ব্যক্তিগত পরিচয়ের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামান্য বানান ভুল সহ নাম, ঠিকানা, জন্মতারিখ সংশোধনের জন্য দালাল চক্রের খপ্পরে পড়ে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। ভুলগুলি সংশোধনের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার জন্য ছাত্রছাত্রীরা যেমন স্কলারশিপ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে তেমনি সাধারণ মানুষ সময়মতো বিভিন্ন পরিষেবা পাচ্ছেনা।
এইসব সমস্যা দূর করার জন্য নতুন বছরের শুরুতে কেন্দ্র সরকার ও আধার কর্তৃপক্ষ আধার কার্ড সংক্রান্ত একাধিক পদক্ষেপ নিতে চলেছে। মূল লক্ষ্য ডিজিটাল নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি নাগরিক পরিষেবাকে দ্রুত ও স্বচ্ছ করা। জানা যাচ্ছে নতুন নিয়মে আধার কার্ডের বিভিন্ন ভুল সংশোধন অনলাইনে ঘরে বসে করা যাবে। সেক্ষেত্রে নির্দিষ্ট নথিপত্র হাতের কাছেই রাখতে হবে। বায়োমেট্রিকের পাশাপাশি পরিচয় যাচাই মুখের ছবি এবং কিউআর কোড স্ক্যান করে করা যাবে। ফলে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আধারের ফটোকপি জমা দিতে হবেনা। এতে আধারের অপব্যবহার কমবে। আধারের নতুন ফরম্যাটে আসছে বদল। অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্যের পরিবর্তে সেখানে থাকবে ছবি ও একটি সুরক্ষিত কিউআর কোড।
তবে এই পরিবর্তন সফল করতে হলে মানুষকে সচেতন হতে হবে। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর সক্রিয় রাখা, নথিপত্র যাচাই করা, অফিসিয়াল পোর্টাল ছাড়া অন্যত্র তথ্য না দেওয়া ইত্যাদি বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে গ্রামীণ এলাকায় প্রযুক্তিগত পরিকাঠামোর ঘাটতির জন্য এই ব্যবস্থাকে কতটা কার্যকর হবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। পাশাপাশি মাথায় রাখতে হবে প্রযুক্তি যেমন জীবন সহজ করছে, তেমনি সামান্য অসচেতনতার জন্য বিপদও বাড়াচ্ছে।