রিমা ঘোষ, ফাইনাল এক্সপোজার :-
একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর অনুপ্রেরণায় ও উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডা. নির্মল মাজির উদ্যোগে আমতা-১ নং ব্লকের আমতা সিনেমা তলায় নবরূপে আত্মপ্রকাশ ঘটল রবীন্দ্র-নজরুল মঞ্চের। পাশাপাশি এদিন তিনি আমতা ইকো পার্ক নির্মাণ কার্যেরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিদের গলায় উত্তরীয় পরিয়ে ও হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করা হয়। তারপর পর্দা সরিয়ে, প্রদীপ প্রজ্বলিত করে এবং নারকেল ফাটিয়ে মঞ্চের উদ্বোধন করেন বিধায়ক। হলের সামনে থাকা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক সহ উপস্থিত অতিথিরা। পরে ডা. মাজি সহ অন্যান্যরা পুরো হল পরিদর্শন করেন। পরে বিধায়ক আমতা মান্দারিয়া খাল পাড়ে ইকো পার্ক নির্মাণ কার্যের উদ্ধোধন করেন।

হল উদ্বোধন করে বিধায়ক বলেন, এই হলের ভিতরে ৯৩২টা আসন থাকলেও হলের বাইরে যে মুক্ত মঞ্চ করা হবে যেখানে ২০০০ আসন হবে। ঝামেলা ও অশান্তি থেকে দূরে সরে মনের শান্তির খোঁজে এবং মন ভাল করার জন্য মঞ্চে এবং পার্কে আবাল, বৃদ্ধ, বনিতা, জাতপাত নির্বিশেষে সকলেই আসবেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে পার্কে বোটিং ও নৌকার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডা. নির্মল মাজি, হাওড়া জেলার তিনটি বিভাগের কর্মাধ্যক্ষ বিমল দাস, উলুবেড়িয়া ২নং পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ ইলিয়াস, জেলার মহিলা সভানেত্রী শিখা মাখাল, মন্ডল সভাপতি পিনটু মন্ডল সহ আরও অনেকেই।



