কাজল মিত্র, আসানসোল:- আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নাকা চেকিং চলা কালীন রবিবার সকালে আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়কের জুবিলি মোড় নাকা পোস্টে ধানবাদ থেকে আসানসোলগামী ( জিএইচ ১০সিডব্লু/ ২৬৮৯) একটি বাস থেকে ব্যাগে থাকা ২২ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
জানাযায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও নাকা চেকিংয়ের দায়িত্বে থাকা আধিকারিকরা বাসের চালক, খালাসি, কনডাক্টর ও যাত্রীদের জেরা করেন। এই গাঁজা উদ্ধারের ঘটনায় আসানসোল উত্তর থানার মামলা নং -১৪৩/২৬, তারিখ – ০৫/০৪/২০২৬, ধারা – ২০(বি) এনডিপিএস আইনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।বাসের খালাসি বলেন, ধানবাদ বাসস্ট্যান্ড থেকে দুই যুবক দুটি ব্যাগ নিয়ে বাসে উঠেছিলেন। তার মধ্যে একটি ব্যাগ থেকে এই গাঁজা উদ্ধার করা হয়েছে। কিন্তু যুবকেরা এই ব্যাগটি তাদের নয় বলে জানায়।
এই প্রসঙ্গে, নাকা চেকিংয়ে থাকা ডেপুটি ম্যাজিস্ট্রেট রবি কুমার গুপ্তা বলেন, বাসটি বোকারো – আসানসোল রুটের। এদিন বাসটি ধানবাদ থেকে আসানসোলে আসছিল। জুবিলি মোড়ে তল্লাশির সময় একটি ব্যাগ থেকে ২২ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গতঃ, বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরে আসানসোলের জুবিলি মোড়ে নাকা পয়েন্ট ভিন রাজ্য থেকে আসা বাসে বলতে গেলে প্রতিদিনই গাঁজা সহ একাধিক জিনিস পাওয়া যাচ্ছে।

