নারী

তুহিনা চক্রবর্তী (কোলাঘাট, পশ্চিম মেদিনীপুর)

একটু নীল চেয়েছিলাম যার কাছে
সে এক পেয়ালা বিষ দিয়েছে ঢেলে।
তাই নীলাভ শরীরে তাকে ছোঁয়া হয়নি আর
শুধু হাত বাড়িয়ে বলেছি আমি মৃত।

তারপর কেটে গেছে আরো এক শতাব্দী
শুরু হলো নারী জাগরণ
রক্তাক্ত রাজপথে নিঃশব্দে হেঁটে গেছে
মোমবাতির মিছিল।

অনাবৃত মেয়েটার বুকে হোমের আগুন
সারা গায়ে ধর্ষকের আঁচড়
দাউ দাউ করে জ্বলছে একবুক ধিক্কার,
অব্যক্ত প্রতিবাদ।
সেদিন অর্ধদগ্ধ নারী দেহ বলেছিলো
কি আমার অপরাধ।

তারপর আর বসন্ত আসেনি
ফোটেনি কৃষ্ণচূড়া
লাশকাটা ঘরে শুধু শোনা যেত নগ্ন
নারী দেহের চিৎকার
একটা অভুক্ত কামাতুর চোখ প্রতিদিন
চিবিয়ে খায় মৃত নারীদেহ

নারী জীবিত হোক বা মৃত
অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে
নারী অসুরক্ষিত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *