সঙ্গীতা কর (কলকাতা)

আমি আদি নারী
সৃষ্টির প্রথম লগ্ন থেকে লোভাতুর দৃষ্টি চিনি
আমি নিজেই নিজেকে দীক্ষা দিয়েছি প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে
আমি লড়তে জানি, আবার গড়তেও জানি
আমার সহায়তায় পুরুষ হয়েছে স্রষ্টা
আমার সাহচর্যেই পৃথিবী সম্পূর্ণ
আমি স্বয়ংসিদ্ধা।
আমি প্রাগৈতিহাসিক নারী
আমি কোমল হৃদয়া
আমার সঙ্গীর কষ্টে আমি আকুলা
যাযাবর জীবনকে গৃহমুখী করতে আমিই প্রথম শিখিয়েছি ফসল রোপন
আমার হাত ধরেই সভ্যতা এগিয়ে চলেছে নিজস্ব ছন্দে
আমি সভ্যতার আলোকবর্তিকা।
আমি মধ্যযুগীয় নারী
আমার শিক্ষায়, আমার কর্মদক্ষতায় আমি নিজেই সম্পূর্ণা
আমি রাজ্য চালনায় পরামর্শদাত্রী
আমি বিদ্যা বুদ্ধিতে পারদর্শিনী
আমি অসামান্যা, আমি তুলনাহীনা।
আমি আধুনিকা
আমি বিজ্ঞানের সাধিকা
আমি কখনো গৃহিণী
কখনোবা উপার্জনশীলা
কখনো আমার শরীর ক্লান্ত গৃহকর্মে
কখনোবা হাত ভরা দপ্তরের কাজে
আমি কর্মে নিপুণা।
হে সমাজ আমার অক্লান্ত পরিশ্রমেই তোমার জয়যাত্রা
কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে পরিশ্রম করে চলেছি অকাতরে
আমার সমান অবদানেই সভ্যতা এগিয়ে চলেছে আদি থেকে আধুনিকে
আমাকে সম্মান জানাতে শুধু একটা দিন নয়
আমার প্রাপ্য শুধুমাত্র একটি নারী দিবস নয়
বরং প্রতিমুহূর্তের সম্মানের অর্ধেক যদি হয় আমার
আমি স্বতঃস্ফূর্তভাবে দেব আরো অনেক উপহার
পলে পলে প্রমাণ দেব আমি পারি, আমিও পারি।
