মৌমিতা মৌ (কলকাতা)

হেমন্তের শেষ বেলায়, কবিতা কুচিকুচি করে,
গদ্যময় অন্ধকারে শীত মেখে তুমি ঘুমাও রাতভর।
কবিতা নিষিদ্ধ তোমার মনের দপ্তরে, ছলকানো পানপাত্রে তাই বুঝি ঝুলে আছে রাত– স্থাণু সময়ের সিলমোহর।
তবু এক ফোঁটা আগুনের ফুল
চুপি চুপি জ্বলে ওঠে প্রত্যহ তোমার নিঃশ্বাসে চেহারায়।
নাইট–ল্যাম্পের খোলা বৃত্তে
মনে হয় কোনো অদৃশ্য অপ্সরা-দেবী রয়েছে পাহারায়।
রাতের কার্নিশে রূপালী পাহাড়ের ধোঁয়াটে উপত্যকা
হঠাৎ ভেসে ওঠে ঘুমের ঘোরে চোখের ভেতর–
সেখানে চাঁদ-জীবন্ত, স্পন্দিত,
মনের মাঝে ফুলকি ছোটে ঠিক যেন চকমকি পাথর।
এইসব আলো-অন্ধকারের মাঝে আমার অস্তিত্ব ভুলে
তুমি ঘুমাও বরং নিশ্চিন্তে, আমি জেগে থাকি
আর তোমার নিষিদ্ধ দপ্তরের দরজার
পাতায় রাখি আরেকটা অশ্রুত কবিতার পান্ডুলিপি।।