অনন্ত রুইদাস, পাণ্ডবেশ্বর:-
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমেই চড়ছে। শনিবার রাঙ্গামাটি গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আয়োজিত বিশাল জনসভায় উপচে পড়া জনসমাগম সেই ছবিই তুলে ধরল। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের তরুণ নেতা প্রতীক উর রহমান। জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান দুই নেতা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতীক উর রহমান দাবি করেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে তিনি সাধারণ মানুষের মধ্যে তৃণমূলের প্রতি প্রবল সমর্থন লক্ষ্য করেছেন। তাঁর কথায়, “দক্ষিণ ২৪ পরগনা থেকে মুর্শিদাবাদ, বর্ধমান—সব জায়গাতেই মানুষ উন্নয়নের পক্ষে রায় দিচ্ছেন। পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ চক্রবর্তী সারা বছর মানুষের পাশে থাকেন। তাই এখানে লড়াই জেতার নয়, জয়ের ব্যবধান কতটা বড় হবে সেটাই দেখার বিষয়।” তিনি আশাবাদী, এই কেন্দ্রে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে।
অন্যদিকে, প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর ভাষণে বিরোধীদের কড়া সুরে আক্রমণ করেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ভোটের সময় মানুষের কাছে আসে, কিন্তু তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভোট এলে যারা মানুষকে প্রভাবিত করতে চায়, মানুষই তাদের জবাব দেবে।” পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
চক্রবর্তী আরও বলেন, “এই নির্বাচন শুধুমাত্র একটি আসনের লড়াই নয়, এটি বাংলার সম্মানের লড়াই। মানুষ উন্নয়ন ও সম্প্রীতির পক্ষে ভোট দেবেন এবং বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করবেন।”
জনসভায় উপস্থিত বিপুল মানুষের ভিড় তৃণমূল শিবিরের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। নির্বাচনের আগে এই শক্তি প্রদর্শন পাণ্ডবেশ্বরের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।




