বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- বর্তমানে দেশে পথ দুর্ঘটনায় মৃত্যু আগের তুলনায় অনেক টা বেড়ে গেছে। এই পথ দুর্ঘটনার কারণ হচ্ছে মূলতঃ সচেতনতার অভাব। রাজপথে যানবাহন চলাচলের ক্ষেত্রে যেমন সংশ্লিষ্ট নিয়ম মেনে চলা জরুরী, তেমনি পথচারীদেরও রাজপথে চলাচল এবং রাস্তা পারাপারের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ম মেনে চলা জরুরী। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নিয়ম ভঙ্গের কারণে এবং সচেতনতার অভাবে পথ দুর্ঘটনার মত মর্মান্তিক পরিস্থিতি ঘটে চলেছে। ছাত্রছাত্রীরা যেহেতু আগামী দিনে দেশের ভবিষ্যৎ দায়িত্ববান নাগরিক তাই তাদের মাধ্যমে পথ শৃঙ্খলার পাঠ দিতে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। তাই পথ নিরাপত্তা নিয়ে সচেতনা করতে অতিরিক্ত আঞ্চলিক পরিবহন আধিকারিকের করণ এবং ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসনের উদ্যোগে পারুলিয়া রামকৃষ্ণ বিদ্যালয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা বিষয়ক এক সচেতনা ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি এদিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ক্যুইজ, আলোচনা ও তথ্যসংস্কৃতি বিভাগের লোকপ্রসার প্রকল্পের শিল্পীদের দ্বারা পরিবেশিত পুতুল নাটিকার মাধ্যমে এই সচেতনতা অনুষ্ঠান পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমার মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, অতিরিক্ত আঞ্চলিক পরিবহন আধিকারিক, ডায়মন্ড হারবার সুশান্ত অধিকারী, ডায়মন্ড হারবার মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক ব্রতী বিশ্বাস (দত্ত),পারুলিয়া রামকৃষ্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।
Posted inজেলার আপডেট