পালিত হলো কামারহাটি পুরসভার ১২৫ তম প্রতিষ্ঠা দিবস

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, কামারহাটি, কলকাতা -: কলকাতার কামারহাটি পৌরসভার উদ্যোগে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে গত ৩ রা জানুয়ারি কামারহাটি নজরুল মঞ্চে সংশ্লিষ্ট পৌরসভার ১২৫ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত সহ বেশ কয়েকটি সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাজীব ঘোষাল। মালদহ থেকে আগত একদল শিল্পী পরিবেশিত মানব পুতুল নাটিকা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। উত্তরবঙ্গ থেকে আগত শিল্পীদের পরিবেশিত নৃত্য এখানে বসেই উপস্থিত দর্শকরা উত্তরবঙ্গের পাহাড়ের স্বাদ পেয়ে যায়। অনুষ্ঠানের শেষে পৌরসভার কর্মীদের পরিবেশিত নাটক অনুষ্ঠানটিকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। তাদের অভিনয় ও বাচনভঙ্গি যথেষ্ট প্রশংসার দাবি রাখে। ছিল সেই মহেন্দ্রক্ষণ। প্রকাশিত হয় ড. প্রদীপ গঙ্গোপাধ্যায়ের গবেষণামূলক পুস্তক '১২৫ বছরের মিউনিসিপ্যালিটির ইতিহাস'।গ্রন্থটির প্রতিটি ছত্রে ফুটে ওঠে কামারহাটি পৌরসভা গড়ে ওঠার ইতিহাসের পাশাপাশি দীর্ঘ সময় ব্যাপী পৌরবাসীর সুখ-দুঃখের কাহিনী। গ্রন্থটি আগ্রহী পাঠকদের মুগ্ধ করবেই। প্রত্যেকেই প্রদীপ বাবুর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া এইদিন 'পৌর বাতায়ন' নামে আরও একটি পত্রিকা প্রকাশিত হয়। মঞ্চে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় সহ এলাকার বহু কবি, লেখক, শিক্ষক, অধ্যাপক গবেষক এবং গুণিজন। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাদের প্রত্যেকের গলায় উত্তরীয় পরিয়ে ও হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করা হয়। এছাড়াও প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় প্রকাশিত পুস্তক দুটি। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে আয়োজন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পৌরসভার কার্যকারী আধিকারিক সোমনাথ দে।

উদ্যোক্তাদের মধ্যে অন্যতমা ছিলেন কৃষ্ণা দাস।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *