প্রকাশিত হলো সাহিত্য চৰ্চা পরিবারের কাব্য সংকলন

অর্পিতা ঘোষ, শিলিগুড়ি -: 

        অনেকদিন ধরেই ‘আন্তর্জাতিক স্বপ্নমায়া হিংলা সাহিত্য চৰ্চা পরিবার’ এর সম্পাদিকা স্বপ্না ব্যানার্জ্জীর দু’চোখে স্বপ্ন ছিল ৫০০ কবির ৫০০ টি কবিতা সমৃদ্ধ একটি সংকলন প্রকাশ করা। স্বপ্ন দেখা সহজ হলেও এত বিশাল আকারের সংকলন প্রকাশ করা খুব একটা সহজ ছিলনা। অবশেষে শতাধিক কবির উপস্থিতিতে শিলিগুড়ির একটি কমিউনিটি হলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিবারের চতুর্থ বর্ষের তৃতীয় সংকলন হিসাবে স্বপ্না দেবীর ‘স্বপ্নের প্রতিধ্বনি’ কাব্য গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচিত হয়। পত্রিকাটির প্রচ্ছদ অঙ্কন করেন সুব্রত ব্যানার্জ্জী।  পাশাপাশি ‘স্বপমায়া গল্পঘর’এর গল্প সংকলন ‘আলোয় মোড়া স্বপ্ন’ এবং ছোটোদের জন্য ‘অজানা এক স্বপ্ন’ সংকলনের মোড়ক উন্মোচিত হয়। 

       উপস্থিত বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উত্তরবঙ্গের সুপরিচিত সঙ্গীত শিল্পী অয়ন ব্যানার্জ্জী। মাঝে মাঝে তার পরিবেশিত সঙ্গীত উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। স্বরচিত কবিতা পাঠ এবং সাহিত্য সংক্রান্ত মননশীল আলোচনা অনুষ্ঠানটিকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। এর আগে উদ্যোক্তাদের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে প্রত্যেক অতিথিকে বরণ করা হয়।

        অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং যাদের স্মৃতিতে এই সাহিত্য পরিবার গড়ে উঠেছে সেই প্রয়াতা কল্যাণী ব্যানার্জ্জী ও প্রয়াতা মহামায়া চ্যাটার্জ্জীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করে তাদের প্রতি সম্মাননা প্রদান করা হয়। 

      অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্য অনুরাগী আলোক চক্রবর্তী, উত্তরবঙ্গ সংবাদ পত্রিকার ছন্দা দে মাহাতো, অনিন্দ্য কুমার মিশ্র, মিনতি দেব, সুমন্ত সারথি সহ সাহিত্য  পরিবারের অন্যান্য সদস্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিরণ মজুমদার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *