প্রতিবাদী ভাষা

শিবানী চ্যাটার্জ্জী (উত্তরপাড়া, হুগলী)

সুন্দর এই পৃথিবীর হাসি
মুছিবার তরে আজ,
উতলা হয়েছে হিংসার কালো
রূপরেখা দিয়ে সাজ।

হারিয়ে ফেলব সবুজ পৃথিবীর
আশা ও ভালোবাসা,
অন্যায় অত্যাচার দ্বেষ বিদ্বেষে
মুখে নেই আজ ভাষা।

সত্যের গায়ে ছিটিয়ে কালি
মিথ্যা সাজিয়ে উল্লাস,
মিথ্যাকে বসায় সিংহাসনে
ছড়ায় বিষাক্ত শ্বাস।

স্বাধীন দেশে ভাবি পরাধীন
দেখছি গ্লানিতে ভরা,
প্রতিবাদ আজ করবে কারা?
চোখের জলে ধরা।

শিক্ষা আজ ধ্বংসের মুখে
পতিত হয়েছে জানি,
গ্লানি মুছিবার তরে আমরা
সাহসের অভাব মানি।

সব ক্ষেত্রই কলুষিত আজ
সংকীর্ণতার জালে,
উদারতা আজ বন্ধক রেখে
আদর মিথ্যার গালে।

সমাজের বুকে কলঙ্ক রেখা
      এঁকে চলেছে হেসে,
  অন্যায়কে প্রশ্রয় দিয়েছে
   আঁধারের স্রোতে ভেসে।

ধর্ম,অর্থ,কাম,মোক্ষ এসব
   জ্ঞানের অধ্যায়ের বুলি,
  কার্য কারণ স্থান বিবেচনা 
    সব গেছে আজ ভুলি।

ছুটছে সবাই হিংসার পেছনে
       দিগ্বিদিক জ্ঞান শূন্য,
 অন্ধকারের স্রোতের মাঝে
      ডুব দিয়ে করে পুণ্য।

শাসন,ভাষণ শুনতে শুনতে
ঝালাপালা আজ কান,
আগামীর তরে সুস্থ পরিবেশের
কে রাখবে সেই মান।

সুন্দর এই পৃথিবীর বুকের
সরাও এবার জঞ্জাল,
অন্যায়,অত্যাচার,খুন, ধর্ষণ ,রাহাজানির
শেষ হোক এবার কাল।

হাসুক আবার সুন্দর পৃথিবী
আগের মতো করে,
আর্শীবাদের পুষ্পবৃষ্টি তখন
পড়বে অঝোরে ঝরে।

প্রতিবাদী ভাষা আজ কলমে মুখে
এগিয়ে আসুক সবাই,
গ্লানি মুছিবার তরে আমরা
সকলকে সাথে চাই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *