গোপা মল্লিক (কলকাতা)

বইয়ের ভাঁজে প্রথম গোলাপ
সংগোপনে রাখা
তোমার আমার প্রেমের শুরু
পঞ্চমীতে দ্যাখা।
পেঁজা তুলোর শরৎ রোদে
ঠাকুর দেখতে যাওয়া
চার নয়নের প্রথম মিলন
লাজুক চোখে চাওয়া।
ষষ্ঠী রাতে মন্ডপেতে
আগমনী গান
সুরের আকাশে ভেসে গেলাম
জুড়িয়ে গেল কান।
সপ্তমীতে ভিড়ের মাঝে
তোমায় খুঁজে ফিরি
আঁচল ধরে টানলে আমায়
শরীর শিরশিরি।
অষ্টমীতে মন্ডপেতে
পুষ্পাঞ্জলি দেওয়া
দুটি হৃদয় ভালোবাসার
পরশ টুকু নেওয়া।
নবমীতে বালুচরীতে
ঝলমলিয়ে ওঠা
হাতের ওপর হাতটি রেখে
দুগ্গা ঠাকুর দ্যাখা।