প্রেমের অনুভূতি

তিতলী রায় (কলকাতা)

আকাশে অজানা মেঘের আনাগোনায় মুখরিত চারিদিক
মনও ধীরে ধীরে না জানি কেন হচ্ছে ব্যাকুল,
হঠাৎই ঘড়িতে ঢংঢং শব্দ, সময় দুপুর বারোটা
বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে মন বড়োই আকুল।

বুকের ভিতর হাজার আলোর জোনাকি জোছনা ছড়ায়
বহু প্রতীক্ষিত মন আজ বুঝি এলি তুই ফিরে,
হাজার ফুলের গন্ধ আকাশে রামধনু রঙ ছড়ায়
গোধূলি বেলায় হতাশ হৃদয় একাকী নির্জনে দূরে।

এসেছিলো প্রেম দূরন্ত দামাল বাতাস বইছে ধীরে
বোঝেনি এ মন অবুঝ বড়োই আকুল অনুভূতির প্রকাশ,
হতাশা নিয়ে গেলো চলে সে আসে নি ফিরে আজও
তবুও এ মন হয়নি ক্লান্ত স্বপ্নে বিভোর মেঘলা আকাশ।

এমনি করেই কাটছে সময় বইছে জীবন ধারা
শুধু আশায় বুক বাঁধে মন আসবে সে ফিরে একদিন,
অবুঝ মন আজ হয়েছে যে অনেকটা পরিনত
অস্থিরতা লুকিয়ে ফেরে শহরের বুকে ফেরারি এ মন।

প্রেমের অনুভূতি এমনই হয়তো মন আজ চঞ্চল
চারিদিকে শুধু মরীচিকা সম ধূধূ প্রান্তর বিস্তৃত,
আবেগ জড়ানো মুখখানি এখনও দু’চোখে ভাসে
কতো বসন্ত পেরিয়ে এসেছি আরও কতো আগত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *