রাকেশ লাহা, জামুড়িয়া ,পশ্চিম বর্ধমান :-
৩১শে ডিসেম্বরের রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর ২২ এর জামুরিয়া বিধানসভা কেন্দ্রের কুনুস্তুরিয়া গ্রামের বাসিন্দা সুব্রত মন্ডলের। শোকের পরিবেশ এলাকায়। জাতীয় সড়কে ট্রাফিকের উদাসীনতা নিয়ে সরব হতে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের ।
বুধবার রাত্রি আনুমানিক সাড়ে এগারোটা , শিল্পাঞ্চল যখন নতুন বছরের অপেক্ষায় ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে, ঠিক সেই সময়ই কনকনে শীতের রাত্রিতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিল জামুরিয়া বিধানসভার অন্তর্গত কুনুস্তরিয়া গ্রামের বছর বাইশের যুবক সুব্রত মন্ডল। সেই সময় ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে সুব্রতর মৃত্যু হয়, এমনটাই দাবি স্থানীয়দের। ঘটনার পর ঘটনাস্থল থেকে পলাতক ঘাতক গাড়িটি। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাত্রিতেই আসানসোল জেলা হাসপাতালে পাঠাই। বৃহস্পতিবার ঘটনার খবর এলাকায় জানাজানি হতেই স্থানীয় মহলের ক্ষোভ নেমে আসে জাতীয় সড়কে।
স্থানীয় একাংশের দাবি, দিন দিন ৬০ নম্বর জাতীয় সড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার ফলস্বরূপ রাস্তায় পারাপার এখন দুঃসাধ্য হয়ে উঠেছে। অভিযোগ এই রাস্তায় এর আগেও ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বহু মানুষের। তবুও উদাসীন প্রশাসন। নেই উন্নত ট্রাফিক ব্যবস্থা, সেই কারণেই একের পর এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকছে এই সড়ক।
স্থানীয়দের দাবি আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আবেদন করেছিলাম কুনুস্তেরিয়া মোড় সংলগ্ন এলাকায় যেন স্পিড ব্রেকার দেওয়া হয়। তারপরও কোন উদ্যোগ নেয়নি প্রশাসন। তাই আজ আমাদের কুনুস্তরিয়া গ্রামের সুব্রত মন্ডলকে আমরা পথ দুর্ঘটনায় হারালাম।
বর্তমানে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
বছর শেষে তরতাজা এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উৎসবের আবহেও শোকাচ্ছন্ন পুরো এলাকা।