নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-:
বাংলা বছরের ক্যালেণ্ডার অনুযায়ী বাঙালির শেষ উৎসব হলো দোল অর্থাৎ বসন্ত উৎসব। রাধা-কৃষ্ণের ঐশ্বরিক শাশ্বত প্রেমের প্রতীক দোলের দিন আবিরের রঙে জীবনকে রঙিন করে তোলার পাশাপাশি বসন্তের আগমনকে স্বাগত জানাতে দেবীপুরের ‘হিল টপ’ ক্লাবের উদ্যোগে দু’দিন ব্যাপী অর্থাৎ ৩ রা ও ৪ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ক্লাব সূত্রে জানা যাচ্ছে, ৩ রা মার্চ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, ডাণ্ডিয়া নৃত্য ও আবীর খেলার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। সন্ধ্যায় থাকছে সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরের দিন থাকছে ‘বসে আঁকো প্রতিযোগিতা’ এবং আবৃত্তি পাঠের অনুষ্ঠান। পরিবেশ রক্ষার স্বার্থে ওইদিন বৃক্ষ বিতরণ কর্মসূচির মাধ্যমে বেশ কিছু চারাগাছ এলাকাবাসীর হাতে তুলে দিয়ে সেগুলি রোপণ করার জন্য তাদের উৎসাহিত করা হবে। সন্ধ্যায় থাকছে কলকাতার বিখ্যাত একটি সংস্থা পরিবেশিত বিচিত্রা অনুষ্ঠান। অনুষ্ঠানে বেশ কয়েকজন সুপরিচিত শিল্পীদের অংশগ্রহণ করতে দেখা যাবে।
৫ ই মার্চ ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ওইদিন দুস্থদের কম্বল উপহার দেওয়া হবে। এছাড়াও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে পড়াশোনার বিভিন্ন সামগ্রী। সবমিলিয়ে তিন দিন ধরে এলাকাবাসী এক জমজমাট অনুষ্ঠানের সাক্ষী থাকার সুযোগ পাবেন।
ক্লাব সম্পাদক সম্রাট গুঁই বললেন, বসন্ত উৎসব পালনের মাধ্যমে আমরা এলাকাসীদের আনন্দ দেওয়ার পাশাপাশি সমাজের প্রতি নিজেদের দায়িত্বও পালন করতে চলেছি। তিনি শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করার জন্য সবার কাছে আবেদন করেন। তিনি মনে করেন সবার মিলিত প্রয়াসে এই শিবিরটি সফলতা লাভ করবে এবং সেইসঙ্গে উপকৃত হবে সমাজ।


