বসন্ত পঞ্চমী

বিশ্বজিত মুখার্জ্জী (গণপুর, পূর্ব বর্ধমান)

সখের গোলাপ হয়নি দেওয়া
গোপন ছিলো অন্তরে …
উদাস হৃদয় দিলে ছুঁয়ে
কোন্ সে যাদু মন্তরে!

তেমন করে হয়নি দেখা
তোমার চোখের চাউনিতে….
ঘর বেঁধেছো উদাস চরে
ভালোবাসার ছাউনিতে?

চাউনিতে মন মাতোয়ারা
আটকে গেলো প্রিয়জন…
হোগলা পাতার ছাউনিতে আজ
ভালোবাসার প্রয়োজন!

যেমন করে রাইকিশোরী
শ্যামের বাঁশির সুর সাধে…
ফাগের দিনে আমারো ঠিক
এমন ভাবেই মন কাঁদে।

ফাগ ফাগুয়ার রং উৎসবে
শরীর মনের জলছবি…
সতত মন পিয়াস বুঝে
প্রয়াসী হয় সব কবি।

হাত পেতেছে এই বসন্তে
সুখ সমৃদ্ধির অন্তরা…
আসল নকল তফাৎ বুঝে
শেষেই দিলে সেই ধরা!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *