বাংলার লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে শোভাযাত্রা 

বাংলার লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে শোভাযাত্রা 

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       এক সময় ভাদু, টুসু, বহুরূপী প্রভৃতি ছিল বাংলার জনপ্রিয় লোকশিল্প। ধীরে ধীরে সেগুলো স্মৃতির অন্তরালে চলে যাচ্ছে। এবার এই শিল্পকে  বাঁচিয়ে রাখার শপথ নিয়ে বীরভূমের কবিতীর্থ জয়দেব-কেন্দুলিতে শনিবার থেকে শুরু হলো তিন দিন ব্যাপী রাঢ় পরব। 

         জয়দেবের বাউল মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনাথ বন্ধু ঘোষ। সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী লক্ষণ দাস বাউল সহ আরও  অনেকে। বর্তমানে সংস্কৃতি জগতকে বিকৃত করার অভিযোগ তুলে বিভিন্ন বক্তার কণ্ঠে ঝরে পড়ে আক্ষেপ। এরজন্য তারা প্রত্যেককে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

       অনুষ্ঠানের শুরুতে জয়দেব বাউল মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে।    বিভিন্ন জেলা থেকে আগত আদিবাসী, ঝুমুর, রণপা, নৃত্য শিল্পীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। জানা যাচ্ছে উৎসবে বোলান, আদিবাসী নৃত্য, কবিগান, নাটুয়া ও রণপা নৃত্য, মুসলিম বিয়ের গান, রায়বেশে নৃত্য, বাউল-ফকিরি গান, কীর্তন সহ রাঢ় এলাকার বিভিন্ন লোকসংস্কৃতি পরিবেশিত হবে। এছাড়াও তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হয়েছে। 

       উৎসব কমিটির সভাপতি তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি বলেন, বাংলার লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই রাঢ় উৎসবের সূচনা। তার আশা আগামী দিনে এই উৎসব ব্যাপক আকার নেবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *