সুলেখা চক্রবর্তী, বাগনান, হাওড়া:- রাজ্যের বিভিন্ন প্রান্তে ১লা মাঘের মেলা অনুষ্ঠিত হচ্ছে। উদয়নারায়নপুরের ভাই খাঁ র মেলা থেকে শুরু করে শ্যামপুরের দেওয়ানগাজির মেলার মধ্যেই বাগনানের রামচন্দ্র পুরে দক্ষিণ রায় ও কালু রায়ের মেলা বিখ্যাত হয়ে উঠেছে।এখানে যে সব সামগ্রী বিক্রি হয় তার মধ্যে বিশালাকার ঘরোয়া মোয়া বিখ্যাত। বিভিন্ন সাইজের এই মোয়া খেতে বিভিন্ন এলাকা থেকে মানুষ যেমন ভিড় করেন তেমনি রামচন্দ্রপুরের এই মেলার নেপথ্য ইতিহাসের আস্বাদ গ্রহন করেন। জানা গিয়েছে শতাধিক বছর আগে দামোদর নদের তীরের এই এলাকা জঙ্গলাকীর্ণ ছিল।এলাকার মানুষের মূল জীবিকা আজো ফুল ও সবজি চাষ। জঙ্গলাকীর্ণ এই এলাকায় দামোদর থেকে দুটি ঘট ভেসে আসে।


পরে তা দেখতে পান কৃষক গুছাইত পরিবারের কেউ।রাতেই স্বপ্নাদেশ পান দক্ষিণ রায় ও কালু রায় নামের দুই ভাই হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। স্থানীয় চৌধুরী পরিবারের পৌরহিত্যে প্রতিষ্ঠান হয় বাঘের পিঠে চড়া দক্ষিণ রায় ও ঘোড়ার পিঠে থাকা কালু রায়। পরবর্তী সময়ে স্থায়ী মন্দির তৈরি হয়।এখন জমজমাট দুই ভাইয়ের মোয়ার মেলা।দুই ভাইয়ের মুড়কীর মোয়া প্রিয় বলে এই মেলায় মোয়ার চল।