বারভুইয়ে নিম্নমানের আটায় ক্ষুব্ধ গ্রামবাসী,তদন্তে নামল প্রশাসন, নমুনা সংগ্রহ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের বারভুই গ্রামে রেশনের নিম্নমানের আটার কারণে গ্রামবাসীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে।এই ঘটনা গ্রামজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করেছে। গত ৯ জুন গ্রামের মহিলারা এই নিম্নমানের আটার প্রতিবাদে সালানপুর বিডিও কার্যালয়ের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন। তারা কার্যালয় ঘেরাও করে একটি স্মারকলিপি বিডিও অফিসের সাটিয়ে আসে। হুঁশিয়ারি দেন যে, আটার গুণমান সংশোধন না হলে তারা আরও বৃহৎ আন্দোলনের পথে হাঁটবেন।
এই ঘটনার গুরুত্ব অনুধাবন করে সালানপুরের বিডিও অবিলম্বে তদন্তের নির্দেশ দেন। বৃহস্পতিবার খাদ্য ও সরবরাহ বিভাগের সাব-ইন্সপেক্টর বিনেশ্বর রায় রেশন ডিলার এবং উপভোক্তাদের কাছ থেকে নিম্নমানের আটার নমুনা সংগ্রহ করেন।এই নমুনা কলকাতায় গুণমান পরীক্ষার জন্য পাঠানো হবে। বিনেশ্বর রায় জানান, “বিডিওর নির্দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে, এবং এটি খাদ্য ও সরবরাহ বিভাগের ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের কাছে পৌঁছে দেওয়া হবে।এক সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট প্রকাশিত হবে।”
গ্রামবাসীদের অভিযোগ, রেশনের আটা এতটাই নিম্নমানের যে তা খাওয়ার অনুপযোগী। এই ঘটনা কেবল বারভুই গ্রামেরই নয়, বরং রেশন বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নকে সামনে এনেছে। তদন্তের ফলাফলের দিকে এখন গ্রামবাসী থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, সকলের নজর। গ্রামবাসীরা আশা করছেন, এই তদন্তের মাধ্যমে সমস্যার ন্যায্য সমাধান হবে এবং ভবিষ্যতে মানসম্মত রেশন সরবরাহ নিশ্চিত করা হবে।এই ঘটনা রেশন ব্যবস্থায় গুণগত মান বজায় রাখার গুরুত্বকে আরও একবার উজ্জ্বল ভাবে তুলে ধরেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *