কাজল মিত্র: বারাবনি:- পশ্চিম বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে ও বারাবনি চক্র আয়োজনে বারাবনি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গৌরান্ডী ফুটবল ময়দানে শুরু হলো সপ্তম বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। মঙ্গলবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জেলা স্তরের এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন করে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, স্কুল পরিদর্শক অক্ষয় ভট্টাচার্য সহ জেলা পরিষদের সদস্য পূজা মান্ডি ও মালা বাউরী ও একাধিক দপ্তরের প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট জনেরা।
এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ জানান, “আমরা গর্বিত, আমাদের উপর এতবড় দায়িত্ব দেওয়ার জন্য। জেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সকলের টিম ওয়ার্কে এতবড় একটি অনুষ্ঠানের সুচারুরূপে আয়োজন করা সম্ভব হয়েছে।
প্রতিযোগিতা চলবে দুদিন ধরে, মঙ্গলবার ও বুধবার ।জেলা স্তরের এই ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে বারাবনি ব্লকের গোরান্ডি ফুটবল ময়দানে।উদ্বোধন অনুষ্ঠানে কচিকাঁচাদের নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নৃত্য গীতি সহ নানা অনুষ্ঠানের মধ্যে আদিবাসী খুদেদের সুন্দর নৃত্য সকলের দৃষ্টি আকর্ষণ করে।
পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত সমস্ত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও এই ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
অ্যাথলেটিক্স, জিমনাস্টিক ও যোগাসন এই তিনটি বিভাগের খেলা রয়েছে এই প্রতিযোগিতায়। তাছাড়াও ৩৪ টি ইভেন্ট এর খেলা রয়েছে । জেলার বিভিন্ন স্কুল থেকে খুদে পড়ুয়া এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই জেলা স্তরের প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে তারা সরাসরি রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় জানান রাজ্য সরকার সর্বস্তরে পড়াশোনা থেকে খেলাধুলা সবকিছুই নজর দিয়েছেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও যাতে করতে পারে সেজন্য শিশুদের সার্বিক বিকাশের জন্য পড়াশুনা, চরিত্রগঠনের পাশাপাশি খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। খেলাধুলা, ব্যায়াম, শরীরচর্চা ছোটদের শরীর মনের সুস্থ বিকাশে সহায়তা করে। তাই খেলাধুলা ও শরীরচর্চাকে পাঠ্যক্রমের একটি অপরিহার্য অঙ্গ হিসেবে বিবেচিত করা হয়েছে । সেই কথা মাথায় রেখে খুদে পড়ুয়াদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিবছর জেলা ও রাজ্য স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। জেলায় জেলায় প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় জেলা স্তরের প্রতিযোগিতা।সেখানে জয়ীরা অংশ নেয় রাজ্য স্তরের প্রতিযোগিতায়।