বার্নপুরে বিজেপি বিধায়িকার নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন করে রাস্তা অবরোধ, কটাক্ষ তৃণমূলের

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- মুর্শিদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় দূষ্কৃতিরা পেশায় মৃৎশিল্পী হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে সরব হয়েছে বিজেপি। 

বুধবার বিকেলে এই ঘটনার প্রতিবাদে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে পশ্চিম বর্ধমানের বার্নপুরের ত্রিবেণী মোড়ে বিজেপি নেতা কর্মীদের নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি। মুর্শিদাবাদ কাণ্ডের মৃতদের নামে পালন করা হয় হিন্দু শহীদ দিবস। তৈরি করা হয় শহীদ বেদি। এই ঘটনায় খুন হওয়া বাবা ও ছেলের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পুরো ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল।প্রায় ৩০ মিনিটের মতো চলে বিক্ষোভ। 

এদিন অগ্নিমিত্রা পাল বলেন, গত ৮ এপ্রিল মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস কে যেভাবে হত্যা করা হয়েছে, তা খুবই ন্যাক্কারজনক। এক সম্প্রদায়ের দুষ্কৃতীরা তাদের বাড়িতে চড়াও হয়ে কুপিয়ে খুন করেছে তাদের। এছাড়াও অনেক সনাতনী হিন্দুদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে। পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটালো হয়েছে মুর্শিদাবাদে। পুলিশ কাউকে বাঁচাতে এগিয়ে আসেনি। তার, প্রতিবাদে এদিন সমগ্র বাংলায় বিজেপির নেতা কর্মী হিন্দু শহীদ দিবস পালন করছে। একমাত্র বাংলায় বিজেপি সরকার এলে হিন্দুরা রক্ষা পাবেন।

পাশাপাশি বিজেপির হওয়া রাস্তা অবরোধ নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, কে দাঙ্গা করে, উসকানি দেয়, ধর্মের ভেদাভেদ করে রাজনীতি করে, শুধু বাংলা নয়, গোটা দেশের মানুষেরা জানেন। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *