সন্তোষ মন্ডল,বার্নপুর:- বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার শিক্ষা বিভাগের অধীনে আইএসপি মডেল ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় বার্ষিক কনসার্ট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকেলে বার্নপুরের কনফ্লুয়েন্সে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে লিপিকা মিশ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন অঞ্জু সিং, সেল আইএসপির ইডি (ওয়ার্কস) বিপিন কুমার সিং, ইডি (এমএম) সঞ্জীব কুমার সিং, সিজিএম (টিএস এন্ড সিএসআর), বিজেন্দ্র বীর, সিজিএম (এমএম) সঞ্জীব রঞ্জন দাস, সিজিএম (অর্থ) কেজে চৌহান, দীপান্বিতা ঘোষ, শিক্ষা বিভাগের আধিকারিক এবং বার্নপুর বয়েজ ও বার্নপুর গার্লস স্কুলে ভাইস প্রিন্সিপালরা।
পড়ুয়াদের গণেশ বন্দনা গানে নৃত্যের মাধ্যমে এদিন অনুষ্ঠানটি শুরু হয়। এরপরে, প্রধান অতিথি লিপিকা মিশ্র, অঞ্জু সিং এবং স্কুল ইনচার্জ পারুল রাঠোড় প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে লিপিকা মিশ্র, বিপিন কুমার সিং এবং সঞ্জীব কুমার সিং ২০২৪-২৫ সালে ভালো পারফর্ম করা মেধাবী পড়ুয়াদের পাশাপাশি পূর্বে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় স্থান অর্জনকারী পড়ুয়াদের সার্টিফিকেট দেন । লিপিকা মিশ্র তার ভাষণে শিশুদেরকে কোনকিছু শেখা চালিয়ে যেতে এবং জীবনে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করেন। অনুষ্ঠানে স্কুলে প্রতি মাসে আয়োজিত বিভিন্ন কার্যক্রমের উপর ভিত্তি করে একটি উপস্থাপনা দেওয়া হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিখ্যাত লেখক মুলুক রাজ আনন্দের ছোট গল্প “দ্য লস্ট চাইল্ড” অবলম্বনে শিশুদের নাটক পরিবেশনা। সেই সাথে নীরজা চলচ্চিত্রের “আইসা কিওঁ মা” গানে নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও, সরস্বতী বন্দনা, ছোট পড়ুয়াদের নৃত্য এবং শিক্ষকদের গাওয়া গান অনুষ্ঠানের মধ্যে ছিলো।
স্কুল ইনচার্জ পারুল রাঠোড় ব্যাখ্যা করে বলেন, দ্বিতীয় বার্ষিক কনসার্টের থিম “দ্য লস্ট চাইল্ড” এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিলো। যেখানে শিশুদের শেখানোর চেষ্টা করা হয়েছিল যে তাদের সুখ তাদের বাবা-মায়ের সাথে, গ্যাজেটে নয়। স্কুলের ৯০ জনেরও বেশি পড়ুয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শিক্ষকি গরিমা সিং, দেবোশ্মিতা মুখোপাধ্যায় অন্যান্য শিক্ষিকরা এদিনের অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।