সঙ্গীতা কর (কলকাতা)

জঙ্গলমহলের অন্ধকারে যে মেয়েটিকে জীবন্ত পুড়িয়ে মারে মানুষরূপী পশু
সেই মেয়েটি ‘লক্ষ্মীবাঈ’ হতে পারে
মাটি কামড়ে বলতে পারে এ আমার দেশ
আমি এখানে স্বাধীন।
যে মেয়েটাকে আপনি হাত ভরা চুড়ি পরিয়ে গৃহে বন্দী করেন
যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটে আলো অন্ধকারময় এক চিলতে ঘরে
সেই মেয়েটা ‘সুনিতা উইলিয়ামস’ হতে পারে
পৃথিবী ছাড়িয়ে মহাশূন্যে ভাসতে পারে।
যে মেয়েটাকে আপনারা অশিক্ষার অন্ধকারে ডুবিয়ে রাখেন
আবার শিক্ষা নেই বলে নিজেরাই অবহেলা করেন
সেই মেয়েটা ‘খনা’ হয়ে উঠতে পারে
তার জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারে বর্তমান থেকে ভবিষ্যতে।
যে মেয়েটাকে আপনারা গায়ের কালো রং দেখে ব্যঙ্গ করেন
চিন্তার ভাঁজ নামে পরিবারের কপাল জুড়ে
সেই মেয়েটা ‘কাজল দেবগণ’ হতে পারে
তার কর্মে জয় করে নিতে পারে অনেক হৃদয়।
যে মেয়েটাকে আপনারা ভয়ের চাদর জড়িয়ে রাখেন
যার রন্ধ্রে-রন্ধ্রে গেঁথে দেওয়া ভয় গ্রাস করে আত্মবিশ্বাস
সেই মেয়েটা ‘অসীমা চট্টোপাধ্যায়’ হতে পারে
সে পারে কোটি কোটি চোখ থেকে কুসংস্কার সরিয়ে দিতে।
যে মেয়েটাকে একমুঠো ভাতের পরিবর্তে আপনারা কথা শোনান
যার গ্রাসাচ্ছাদনের দায়িত্ব নিতে পারবে না বলে অপমান করে মাতাল স্বামী
সেই মেয়েটাই ‘মাদার টেরিজা’ হয়ে অনেক অভুক্ত পেটের খাবার যোগাতে পারে।
যে মেয়েটাকে জীবনের সর্বখেলায় হারিয়ে দিতে চান আপনারা
যে হেরে গেলে আপনাদের পুরুষত্ব গর্বিত হয়
সেই মেয়েটা ‘জেমিমা’ কিংবা ‘রিচা’ হয়ে উঠতে পারে
ছিনিয়ে আনতে পারে খেলার শ্রেষ্ঠ শিরোপা।
বিশ্বাস করুন মেয়েরা পারে, মেয়েরাও পারে সবকিছু
যদি কৌশলে তার কন্ঠ রোধ না করেন
যদি সে একবার চিৎকার করে বলতে পারে ‘আমরা করব জয়,
আমরা করব জয় নিশ্চয়’।