বিড়ম্বিত দায়ভার

কাকলী পাল (ভিতরকামতা, কোচবিহার)

বন্ধকী ভাবনারা এলোমেলো চৈত্রের দহনে উদাসীন,
আতিশয্যের জৌলুস হীনতায় প্রকট;
স্মৃতির সরণী বেয়ে পরাজয়তার গ্লানি,
এ যেন এক আলাদা অসম্পূর্ণ জগত।
নিখোঁজ ভালোবাসার মায়ায় হারানো প্রেমিকের আবছায়া অবয়ব,
আমার শহরে নিষিদ্ধ অনুপ্রবেশ ঘটায় বৃষ্টি!
যেন নিঃসঙ্গ গাছের নীরব কান্না।
সেই শহরের স্বজনহারা নির্বাক পথিক আমি;
এক পশলা অবিশ্রান্ত বৃষ্টির ধারাপাতে বয়সের ভারে নুব্জ দালানের কড়ি -বরগায়,
মাটির সোঁদা দীর্ঘশ্বাসে নামহীন এক ঘাসফুলে,
জৈবিক নিরুত্তাপ জীবনপঞ্জির হিসেবের খাতায়;
যোগফল শুধুই শূন্যতা।
নিভন্ত সূর্যের বাড়তি আলোকবিন্দু শুষে বাঁচার আকাঙ্খা!
মৃত্যুর ঘ্রাণ শুঁকে অদৃশ্য রাতের শুকতারা।
পঞ্চমী তিথির মরা চাঁদ জেগে কাব্য বোনে আমার নিদ্রাহীন দু’চোখ।
জীবনের দায়ভার সঁপে দেবো অবসন্ন চৈতি দহনে,
বিগত জন্মের ব্যর্থ অহমিকারা পুড়ে ছাই হবে;
নয়তো কয়েদীর মতো অতিবাহিত হবে জন্মান্তরে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *