বিধানসভা নির্বাচন, আসানসোল প্রশাসনিক বৈঠক 

বিধানসভা নির্বাচন, আসানসোল প্রশাসনিক বৈঠক 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে   প্রশাসনিক তৎপরতা। নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সোমবার পশ্চিম বর্ধমানের জেলাশাসকের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলাশাসক পোন্নাবালাম এস। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।  

     বৈঠকে নির্বাচনী নির্দেশিকা ও আচরণবিধি সম্পর্কে উপস্থিত প্রতিনিধিদের অবহিত করা হয়।  সেগুলো মেনে চলার জন্য ও নির্বাচন চলাকালীন কোনো অশান্তি বা উত্তেজনা সৃষ্টি না হয় সেই বিষয়ে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করা হয়। বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচন সংক্রান্ত নানান বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং এটিকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সবার দায়িত্ব। এছাড়াও ভোটকেন্দ্রের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের সুবিধা ও নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।

       জানা যাচ্ছে, নির্বাচনকে অবাধ ও স্বচ্ছ করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রশাসন সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ, অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি এবং কেন্দ্রীয় বাহিনীর সম্ভাব্য ব্যবস্থাপনা নিয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। পাশাপাশি ভোটারদের সচেতন করতে এবং বেশি সংখ্যক মানুষকে ভোটদানে উৎসাহিত করতে বিভিন্ন সচেতনতা কর্মসূচি নেওয়ার কথাও জানানো হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *