মায়া ঘোষ মাইতি (কলকাতা)

বিবেক সেদিন প্রশ্ন করেছিল —
এতো অন্ধকার কেনো চারিদিকে ?
কেনো এত বিশৃঙ্খলা ?
কেনো এত অরাজকতা ?
নৈরাজ্যৈর চূড়ায় বসে ওরা কারা ?
শকুনির পাশার আনন্দ উল্লাস
বিচারের বাণী নীরব ।
মানুষের অন্তর্ভেদী হাহাকার
অসহায় দিকভ্রান্ত মানুষ
মিছিলের জনস্রোতে
আলোর খোঁজে আশার আলো ।
মানবিকতার আলো ঢাকা কেন ?
বিবেক আর প্রশ্ন করো না
বড্ড অসহায় লাগে ।
গৃধ্র শকুনির দল মানবিকতার দেহ
করেছে কঙ্কালসার,
খুবলে খেয়েছে নৈতিকতা মনুষ্যত্ব
সহানুভূতি সততা মূল্যবোধ ,
কঙ্কালে লেগে থাকা মানবিকতার
অতিক্ষুদ্র অবশিষ্টাংশটুকু, কণা মাত্র ।
তাই তো সামাজিক অবক্ষয়ের পথ
হয়ে চলেছে মসৃণ ।
সত্য ও ন্যায়ের বাণী কতদিন থাকবে অবহেলিত ?
মিথ্যা আর পাপাচার যেথা
সত্যেরে করে বিদ্রূপ
ধর্মাধর্মের বেড়াজাল হয়ে যায় ছিন্ন ,
মুখ আর মুখোশ করে এক ও অভিন্ন
স্বার্থ সর্বস্ব পিশাচেরা পায়ে পায়ে
ধ্বংস বীজ করে রোপণ
সত্য ও ন্যায়ের পথ অবরুদ্ধ হয়ে পড়ে কু-রূপে ।
বিবেক তুমিই তো পারো
আবার আলো জ্বেলে দিতে,
আত্মোপলব্ধিতে ।