বিষাদ রাগ

সোমা নায়ক (যাদবপুর, কলকাতা)

ছুটছে সময় দারুন বেগে
লক্ষ্যে যাওয়াই সার্থকতা
একটা মেয়ে উদাস সুরে
গাইছে কেবল তোমার কথা।

গানের কথার সবটা জুড়ে
লিখছে তোমার সফলতা
তোমার জীবন তোমার যাপন
তোমার আসা যাওয়ার কথা।

কোন বাঁকেতে পাহাড়টা স্থির
কোথায় নদী দারুন বেগে
কোথায় তুমি তীব্র, প্রখর
অভিমানে আর আবেগে।

কোথায় তুমি রুক্ষভূমি
শুষ্ক জীবন, মরুর ঝড়
কোথায় তুমি ভীষণ আপন
কোথায় চেনা- অচেনা, পর।

শ্রান্ত দিনের ক্লান্ত পথিক
তাকিয়ে কেন দূরের পানে
তোমার খোঁজে দৃষ্টি ফেরে
সেসব খবর কে আর জানে!

বিষাদ নাকি বিরহ তার
মালকোষ সুর, স্তব্ধ হৃদয়
মেয়েটা যেন উলটপুরাণ
কথায় কথায় কি জানি হয়।

হঠাৎ কান্না, হঠাৎ হাসি
হঠাৎ আবার ঝর্ণা উছল
এই দুনিয়ার সবাই ভালো
মন মানানোর আজব ছল।

সকল কথায় সুর বসিয়ে
গাইছে মেয়ে অনুরাগে
হঠাৎ হঠাৎ মন ফুঁপিয়ে
কাঁদছে একা বিষাদ রাগে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *