সন্তোষ মন্ডল, আসানসোল:- কাজ করার পরেও মেলেনি মাসের বেতন। সেই বকেয়া বেতনের দাবিতে আসানসোলের জিটি রোডের বিএনআর মোড়ে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বা পিএইচইর ঠিকা কর্মীরা মঙ্গলবার রাস্তা অবরোধ করেন। তারা বিক্ষোভ দেখান। এই রাস্তা অবরোধ ও বিক্ষোভের কারণে বিএনআরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা ও ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় আসে।
তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

এই প্রসঙ্গে, পিএইচইর ঠিকা কর্মী আশীষ কুমার মাজি বলেন, আমরা আমাদের মাসিক বেতন পাইনি। এর ফলে আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি আরো বলেন, এই বিষয়ে পিএইচই দপ্তরে বেশ কয়েকবার আবেদন করা হয়েছে। কিন্তু আমাদের আবেদন কানে যায় নি। । তাই, এদিন আমাদেরকে বিএনআর মোড়ে রাস্তা অবরোধ করতে বাধ্য করা হয়েছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ অব্যাহত থাকবে।
ঠিকা কর্মী ইউনিয়নের সেক্রেটারি বন্দনা রায় বলেন, গত সেপ্টেম্বর মাস থেকে আমাদের বেতন বকেয়া রয়েছে। ডিসেম্বর শেষ হতে চলেছে, কিন্তু তিনি এখনও তা আমরা পাইনি। যার ফলে আর্থিক সমস্যা হচ্ছে। তিনি বলেন, এরপরেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। পশ্চিম বর্ধমান জেলায় প্রায় ১,২০০ পিএইচই ঠিকাদার কর্মী আছেন যাদের বেতন বকেয়া রয়েছে। তিনি বলেন, আমরা যখন আমাদের ঠিকাদার সংস্থার সাথে কথা বলতে যাই, তখন তারা তাদের দায়িত্ব এড়িয়ে যান। তারা দাবি করেন যে সরকারের টাকা এখনও আসেনি। যে কারণে তারা বেতন দিতে পারছেন না। বন্দনাদেবী বলেন, এদিনের আন্দোলনের মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে চাই যে সরকার ঠিকাদারদের টাকা আটকে রাখার কারণে আমরা আমাদের বেতন পাচ্ছি না। তিনি আরও বলেন, আমরা আমাদের কাজ করছি। কিন্তু আমরা আমাদের প্রাপ্য বেতন পাইনি।
পুলিশ অফিসারদের আশ্বাসে পিএইচইর ঠিকা কর্মীরা বেশ কিছুক্ষন পরে তাদের অবরোধ বিক্ষোভ তুলে নেন।
প্রসঙ্গতঃ, গত দুবছরের বেশি সময় ধরে একাধিক প্রকল্পে কাজ করানোর পরেও, রাজ্য সরকার শুধু আসানসোল বা পশ্চিম বর্ধমান জেলা নয় সব জেলায় ঠিকাদারদের টাকা মেটায়নি। আসানসোলেই ঠিকাদারদের বকেয়া রয়েছে হাজার কোটি টাকারও বেশি বলে জানা গেছে।