ব্যাংক – কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালোচনা করলেন ব্যাংক কর্তা

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-: সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ যাতে নিশ্চিত নিরাপত্তায় থাকে তার জন্য দেশের ব্যাংকগুলির জাতীয়করণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই নীতির উল্টোপথে হেঁটে বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে একের পর ব্যাংকগুলির সংযুক্তি ঘটাচ্ছেন এবং কর্মী সংকোচন করছেন তাতে আতঙ্কিত হয়ে উঠেছেন ব্যাংক কর্মী সহ দেশের সাধারণ মানুষ। ইতিমধ্যে একাধিক ব্যাংকের সংযুক্তি ঘটানো হয়ে গেছে। অনেকেই মনে করছেন কেন্দ্র সরকারের এইসব পদক্ষেপ ব্যাংক বেসরকারীকরণের প্রাথমিক ধাপ। এরফলে আগামী দিনে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে - এমনটাই দাবি করেন 'বই' অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সঞ্জয় দাস। সম্প্রতি আসানসোলের আশ্রম মোড়ে ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে 'বই' এর পূর্বাঞ্চলীয় শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় বাবু বলেন, বিভিন্ন সময় দেশের সংকটকালে জাতীয় ব্যাংকগুলির কর্মচারীরা দেশের অর্থনৈতিক গতি থামতে দেয়নি। বর্তমানে সরকারের নীতির জন্য সরকারী ব্যাংকে চাকরি পাওয়া যেমন কমে গেছে তেমনি সাধারণ মানুষ ব্যাংক থেকে তেমন সুবিধা পাচ্ছে না। তিনি আরও বলেন, সমস্ত ব্রাঞ্চের অফিসারদের নিয়ে আমরা প্রতিবছর এই আলোচনা সভায় বসি, পারস্পরিক পরিচয় ঘটায়, ট্রেড ইউনিয়নের অবস্থান এবং স্থানীয় স্তরে উদ্ভুত সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি। পাশাপাশি গ্রাহকেদের যাতে আরও উন্নত মানের পরিষেবা দিতে পারি ও বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছাতে পারি সেই বিষয়েও আলোচনা করা হয়। শতাধিক ব্যাংক কর্মকর্তা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *