ভুয়ো কলসেন্টারে অভিযান, গ্রেফতার ৬

নিজস্ব সংবাদদাতা, আসানসোল:- কেউ যাতে কোনোরকম সন্দেহ না করে তার জন্য রীতিমতো পরিকল্পনামাফিক সরকারি ওয়েবেল আইটি পার্ক থেকে ভুয়ো কলসেন্টারের মাধ্যমে বেশ কিছুদিন ধরে লোক ঠকানোর কাজটা ভালই চলছিল। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ল সাইবার প্রতারকরা। ঘটনাটি আসানসোল উত্তর থানার কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপে। সরকারি পার্ক থেকে প্রতারণার ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য দেখা যায়। জানা যাচ্ছে প্রতারক চক্রটি প্রথমে স্থানীয় গ্রাহকদের তথ্য জোগাড় করত। তারপর তাদের বিভিন্ন কোম্পানির নামে ফোন করে পুরস্কারের প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণা করত। তাদের পাতা ফাঁদে পা দিয়ে বেশ কয়েকজন গ্রাহক প্রতারিত হয়। ইতিমধ্যে প্রতারিত গ্রাহকরা অভিযোগ জমা করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানায়। তদন্তে নামে সংশ্লিষ্ট থানার পুলিশ। অবশেষে ৯ ই এপ্রিল বিকেলে হিরাপুর থানার পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট পার্কে সাইবার থানার পুলিশ অভিযান চালায় ও ৬ জন প্রতারককে গ্রেপ্তার করে। পাশাপাশি ওই কলসেন্টার থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটারের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। সাইবার থানার এক আধিকারিক বলেন- নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই কলসেন্টারে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে প্রচুর নথি ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য সরকারি পার্কে কলসেন্টারটি তৈরি করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *