ভোটার তালিকা বিতর্কে আগুন—জগন্নাথপুরে ঝাড়ু হাতে বিক্ষোভ, বিজেপি প্রার্থীকে ঘিরে তুমুল উত্তেজনা

ভোটার তালিকা বিতর্কে আগুন—জগন্নাথপুরে ঝাড়ু হাতে বিক্ষোভ, বিজেপি প্রার্থীকে ঘিরে তুমুল উত্তেজনা

অনন্ত রুইদাস,  পাণ্ডবেশ্বর:-


পাণ্ডবেশ্বর বিধানসভায় ভোটের আগে রাজনৈতিক উত্তাপ চরমে। তারই মধ্যে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জগন্নাথপুর এলাকায় দেখা গেল এক বিস্ফোরক চিত্র। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে ক্ষুব্ধ মহিলারা রাস্তায় নেমে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারীকে ঘিরে ঝাড়ু হাতে বিক্ষোভ দেখান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, শুরু হয় স্লোগানবাজি।
স্থানীয় মহিলাদের অভিযোগ, বছরের পর বছর এই এলাকায় বসবাস করেও হঠাৎ করেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এতে চরম ক্ষোভে ফেটে পড়েন তারা। এক মহিলা সরাসরি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “নাম কেটে দিয়েছে, আর আমরা চুপ করে থাকব? ঝাড়ু দেখাবো না তো কি করবো!”
আরাফাতুন্নি বিবি নামে এক বাসিন্দার কথায়, “আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এর জবাব চাইতেই আমরা রাস্তায় নেমেছি।”
ঘটনাস্থলে উপস্থিত জনতার একাংশের দাবি, প্রার্থীকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা এবং পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই ঘটনার পর কার্যত এলাকা ছাড়তে বাধ্য হন জিতেন্দ্র তেওয়ারী।
যদিও বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারী এই ঘটনাকে ততটা গুরুত্ব দিতে নারাজ। তার দাবি, “কিছু সংখ্যক মহিলা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তার আগেই বহু মানুষ আমাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন। আমি তাদের প্রণাম জানিয়ে চলে এসেছি।” একইসঙ্গে তিনি পাল্টা অভিযোগ তোলেন, বিরোধী দলের প্ররোচনায় এই বিক্ষোভ সংগঠিত হয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। তার বক্তব্য, “মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার মানুষ ক্ষুব্ধ, এই বিক্ষোভ তারই প্রমাণ। বিজেপির বিরুদ্ধে জনরোষ ক্রমশ বিস্ফোরণের দিকে যাচ্ছে।”
পাণ্ডবেশ্বর বিধানসভায় তৃণমূল বনাম বিজেপির লড়াই এমনিতেই তীব্র। তার ওপর ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক নতুন করে রাজনৈতিক অগ্নিগর্ভ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। ভোট যত এগোচ্ছে, ততই স্পষ্ট—এই লড়াই আর শুধু ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই, তা পরিণত হয়েছে সম্মান ও অধিকার রক্ষার সরাসরি সংঘর্ষে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *