মহ ফরিদুল জামান (পূর্ব বর্ধমান)

হায়রে ভোট, তুই ভাগ্যিস এলি,
তাই পেলাম সেলিব্রিটির দেখা।
পেলাম হাজার প্রতিশ্রুতি,
শুনলাম নেতাদের মনভরা কথা।
দেখিস ভোট, মারিস না আর
কোনো অজানা বাণ,
স্বপ্ন দিয়ে ব্যথা দিস না,
বড় কষ্ট পায় প্রাণ।
করিস না মানুষের হৃদয়
টুকরো টুকরো খান,
মিথ্যে আশায় ভাঙিস না আর
সাধারণ মানুষের প্রাণ।
কয়েক বছর অন্তর এনে দিস নতুন স্বপ্ন,
ঝুলি ভরে সুখের বুলি,
দিস শুধু আশার গল্প,
থাকে না তার কোনো মূলই।
তুই যখন ফিরে যাস,
শোনা যায় গুলির শব্দ,
কেউ হারায় বাবা-মা,
কেউ হারায় আপনজন সদ্য।
কারো হয় সম্মানহানি,
কারো প্রাণ যায় অকালে,
কত গুণী মানুষ ঝরে যায়,
রাজনীতির আগুনের জ্বালে।
তুই কি আসিস অঙ্গীকার নিয়ে
সত্যি বদল আনতে?
নাকি শুধু প্রতিশ্রুতির জালে
মানুষকে রাখিস বাঁধতে?
দরকার হলে রোজ আয়,
ক্ষতি তাতে কিছু নাই,
তবু স্বপ্নের দোহাই দিয়ে
কারো ঘর যেন না ভাঙাই।
ভোট রে তুই, আর করিস না
মায়ের কোল খালি,
যারা তোকে বিশ্বাস করে
দিস না তাদের মুখে কালি।
এবার তোর ফেরার পালা,
আয় ফিরে আবার,
অনেকে ক্লান্ত, বিধ্বস্ত হয়ে
বসে আছে তোর অপেক্ষায় বারবার।
কবে তুই আনবি বল
সুস্থ সুন্দর সমাজ?
দুর্নীতিদের সাজা দিয়ে
নেমে আসুক ন্যায়ের বজ্র আজ।
হয়তো তোকে দেখার আশায়
অনেকে গুনছে প্রতিদিন,
বল তো ভোট —
কবে আসবে মানুষের জয়ের সেই সোনালি দিন।
