মধ্যবিত্ত প্রেম

সোমা নায়ক (যাদবপুর, কলকাতা)

বৃষ্টি দেখলেই আমার যদি ভিজতে ভীষণ ইচ্ছে করে আর সঙ্গী হিসেবে এই মন যদি শুধু তোমাকেই পেতে চায়, সেটা কি শুধু আমারই দোষ হবে? বলো তো?

খাঁ খাঁ রোদের দিকে তাকালে আমার যদি কেবল তোমার কথাই মনে পড়ে, খুব মন-কেমন করে, তোমার সঙ্গ পেতে উৎসুক হয়, সেটাও কি শুধু আমারই দোষ? বলো?

আমার তো কেবলই মনে হয়, আহা রে, মানুষটা আমার! এই ভরদুপুরে কোথায় যে রোদ-বৃষ্টি মাথায় করে ঘুরে বেড়াচ্ছে কে জানে!

ঠিকমতো জল খেলো কি না, সময় মতো টিফিনটা খেলো কিনা, সময় সুযোগে একটু জিরিয়ে নিতে পারলো কিনা, এইসব ভাবনাতেই মাঝে মাঝে ভীষণ তটস্থ হয়ে থাকি, চিন্তা হয় খুব।

যা গরম পড়েছে, টিফিনটা ঠিক থাকলে হয়, নষ্ট না হয়ে যায়। ঘটা করে নাম দিয়েছি টিফিন। থাকে তো ওই অল্প তেলে ভাজা একটু আলু আর দুটো শুকনা রুটি, কখনো কখনো দশ টাকার একটা কালাকাঁদ। অবশ্য এমন নয় যে আমরা ভালোমন্দ খাই না। কিন্তু ওই আর কি!

গোনাগুন্তির সংসার, তাই জিনিসপত্রও হিসেবের। আসলে মাংস বলতে তো ওই রবিবার যেদিন আবার তোমার ছুটি থাকে। যদিও বুধ – শুক্র ডিম হয়, তবে সেটাও হিসেবের। বাকি দিনগুলো …! কতদিন যে মাছ খাওয়া হয় না! বড্ড দাম। তুলনামূলক ভাবে ডিম অনেক সস্তা।

আসলে আমারও খুব ইচ্ছে করে তোমার টিফিনে একটু ভালো-মন্দ রান্না করি। তুমি খুব তৃপ্তি করে খাবারটা খাও। খাবারের গন্ধে চারদিকটা ম’ ম’ করে উঠুক। সবাই এসে জিজ্ঞেস করুক। দাদা, আজ টিফিনে তুমি কি এনেছো গো? বৌদি তোমার জন্য কি স্পেশাল বানিয়েছে শুনি? উফ্, গন্ধে তো টেকাই দায়। আমাদেরই খুব খিদে পেয়ে যাচ্ছে।

ইচ্ছে করে, আমাদের নিজস্ব একটা জগৎ থাকুক। সেখানে না থাকবে সমাজ সংস্কারের ভয়, না থাকবে কোনো অদৃশ্য শিকল যা আমাদের ইচ্ছে-খুশি পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। সাধ আহ্লাদ গুলো জিইয়ে রাখি জিয়ল মাছের মতো, আরো অনেক দিন পর্যন্ত।

ইচ্ছে করে, হাজার ব্যস্ততা, লক্ষ বিপত্তির মাঝেও আমরা শুধু আমাদের হয়ে থাকি। ইচ্ছে করে প্রায় হারিয়ে যাওয়া সোনালী মুহূর্তগুলো এবার চিরস্থায়ী হোক। সংসারের জাঁতাকলে চেপে না যায় আমাদের নিজস্বী।

ইচ্ছে করে, ভালোলাগাগুলো সাজিয়ে রাখি ভীষণ যত্নে। আবেগনামার যত্ন করি নিয়মিত। নিয়ম করে খেয়াল রাখি মনের। মন থাকুক আষ্টেপৃষ্ঠে দুজনাতে বাঁধা।

ইচ্ছে করে, বৃষ্টি ফোঁটায় আহ্লাদী হোক মনের শরীর। শরীর জুড়ে বৃষ্টি নামুক অঝোর ধারায়। অঝোর ধারায় কান্না আসুক দুচোখ জুড়ে। চোখ জুড়ে থাক তোমায় পাওয়ার সকল সুখ। সুখ দুঃখে তোমার পাশে থাকতে চাওয়া। চাওয়া বলতে জীবন জুড়ে তোমায় পাওয়া।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *