রাজা চৌধুরী (হরিপুর, পশ্চিম বর্ধমান)

মাথাপিছু আয় কমে যায় দেশ এগিয়ে চলে;
শুধু মধ্যবিত্তের সুখের সূর্য যাচ্ছে অস্তাচলে!
আয় বাড়ে না, সবকিছুতেই ব্যয় যাচ্ছে বেড়ে,
সম্পন্ন সংসারেও এখন অভাব আসছে তেড়ে!
দ্রব্যমূল্য লাগামছাড়া, ওঠায় নাভিশ্বাস!
সুখবর তো দেশ ছেড়েছে,মেলে না আশ্বাস!
নিত্যপণ্য কিনতে গিয়ে ট্যাকের কড়ি শেষ!
ভীষণ শক্তি সিন্ডিকেটের,কে ছোঁবে তার কেশ?
ডিমের ডজন একশত আর একশ চিংড়ি ষাট,
কাঁচা লঙ্কা একশ কিনে ভাবছি বড়লাট!
টোটোর ভাড়া বেড়ে দ্বিগুণ, হেঁটেই চলি পথে,
তরকারির দাম শুনলেই দেখি ব্যথা বুকের ক্ষতে!
মাছ-মাংসের দাম তো দেখি লাফ দিয়েই বাড়ে!
পকেটে জোর নেই বলেই ধরতে যাই না তারে!
বাজেট কাটি, খরচ কমাই, পাইনে তবু কুল!
নিম্ন মধ্যবিত্তের বেঁচে থাকাই মস্তবড় ভুল!