জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, পূর্ব বর্ধমান -:
মহিলাদের জীবনে খুবই স্বাভাবিক ঘটনা হলো ঋতুচক্র। অজ্ঞতা জনিত কারণে ঋতুচক্রের শুরু থেকে কিশোরীদের মনে কুসংস্কার ও একটা ভুল ধারণা গড়ে ওঠে। ওই সময় খাদ্য সহ নানান নিষেধাজ্ঞার বেড়াজালে তাদের আটকে রাখা হয়। ঋতুকালীন অবস্থায় সঠিক স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা সম্পর্কে তাদের একটা ঘাটতি থেকে যায়। ফলে পরবর্তীকালে তারা নানান রোগে ভুগতে থাকে। তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসে বর্ধমানের স্টার্ট আপ ফাউন্ডেশন। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সুপরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সহযোদ্ধা ও বর্ধমান পৌরসভার ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর স্বীকৃতি হাজরা।
সবার সহযোগিতায় ২৪ শে ডিসেম্বর বিকেলে শহরের ময়ূর মহল এলাকায় প্রথমে বর্ধমানের রাণী স্কুলে এবং পরে নির্ভীক সংঘের চত্বরে মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই স্টার্টআপ সংগঠনের কর্মকর্তারা আকর্ষণীয় কিট বিলি করেন।
পরে অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের ঋতুচক্র চলাকালীন স্বাস্থ্য ও সঠিক পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করার পাশাপাশি ওই সময় তাদের মনে সৃষ্ট হওয়া বিভিন্ন কুসংস্কার এবং অযৌক্তিক বিধিনিষেধ সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসম্মতভাবে পণ্য ব্যবহার করার পদ্ধতি শেখানো হয়। মহিলা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কর্মসূচির এই অংশের নাম দেওয়া হয় ‘সালেনা’। বিভিন্ন বয়সী প্রায় দেড় শতাধিক মহিলা এবং কিশোরী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
স্টার্ট আপ ফাউন্ডেশনের পক্ষ থেকে সন্দীপন সরকার এবং পার্থপ্রতিম মিত্র বলেন, মহিলাদের মধ্যে ঋতুকালীন সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন জায়গায় এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে এবং আগামীতেও হবে।

কাউন্সিলর স্বীকৃতি হাজরা বলেন, এলাকার মহিলারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তা অত্যন্ত আশাব্যঞ্জক।
অন্যদিকে স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে প্রীতিলতা বন্দোপাধ্যায় এবং ঋষিগোপাল মণ্ডল বলেন, স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে বর্ধমান সহযোদ্ধা দীর্ঘদিন ধরেই সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে ধারাবাহিকভাবে নানান সমাজ সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে। আগামী দিনেও নারীর ক্ষমতায়ন এবং প্রান্তিক মানুষদের নিয়ে নানা কর্মসূচি আয়োজিত হবে। তারা মনে করেন এদিনের কর্মসূচি অত্যন্ত সফল হয়েছে।