শুভম ঘোষ, কলকাতা -:
গঙ্গাসাগর মেলার জন্য মাটি কাটার প্রতিবাদ করায় গঙ্গাসাগরের বাসিন্দা রাজু মন্ডলের উপর ‘চরম’ নির্যাতনের গুরুতর অভিযোগ উঠল গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি সহ চার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এই অভিযোগে রাজু বাবু কলকাতা হাইকোর্ট এবং কাকদ্বীপ কোর্টে মামলা দায়ের করেন।
রাজু মন্ডলের অভিযোগ, নদীর চর থেকে মাটি কাটার জন্য তিনি প্রতিবাদ করেন। তারজন্য তাকে রাস্তা থেকে গাড়িতে তুলে ১ নং স্নানের ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বেধড়ক মারধর করার পাশাপাশি মাটিকাটা নিয়ে তার কোনো অভিযোগ নেই এই সংক্রান্ত জোর করে সাদা কাগজে সই করিয়ে নিতে চাওয়া হয়। পরে গঙ্গাসাগর কোস্টাল থানায় নিয়ে গিয়ে স্বয়ং ওসি তার মুখে তোয়ালা চেপে ধরে মারধর করেন। পরে তাকে ‘মদ খেয়ে গাড়ি চালানোর’ মিথ্যা অভিযোগে কাকদ্বীপ কোর্টে পাঠানো হয়।
জামিন পাওয়ার পর মেডিকেল পরীক্ষা করিয়ে রাজু মণ্ডল ওসি সহ চার পুলিশ আধিকারিকের নামে মামলা দায়ের করেন। এই অভিযোগ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।