রমেশ রায়, দক্ষিণ ২৪ পরগনা:- আজ থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা নির্বিঘ্ন করতে রাজ্যজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি এবং শিক্ষা কর্মাধ্যক্ষ অমলেন্দু পাল। পরীক্ষা শুরু হওয়ার আগে তাঁরা কেন্দ্রগুলিতে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাহস জোগান। অনেক পরীক্ষার্থী নিজেদের আসন খুঁজে পেতে সমস্যায় পড়লে, পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে তাদের অ্যাডমিট কার্ড মিলিয়ে সিরিয়াল নম্বর ও বসার ঘর দেখিয়ে দেন। মোট পরীক্ষা কেন্দ্র: ৬টি, পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৯০০ জন প্রতিটি কেন্দ্রের সামনে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, “ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম মানসিক চাপ ছাড়া পরীক্ষা দিতে পারে, তার জন্য প্রশাসন সবরকম সহযোগিতা করছে। গ্রামীণ এলাকার পড়ুয়াদের এই উৎসাহ আগামীর জন্য অত্যন্ত ইতিবাচক।” কড়া নিরাপত্তার চাদরে মুড়ে নির্বিঘ্নেই শুরু হয়েছে প্রথম দিনের পরীক্ষা।