মধুছন্দা গাঙ্গুলী (কলকাতা)

পথ চলারই মাঝে বন্ধু
দেখা তোমার সঙ্গে,
দুইটি হৃদয়ে উঠলো যে ঝড়
প্রেমের জোয়ার অঙ্গে।
বৃষ্টি ধারায় সিক্ত কায়া
তপ্ত যে এ-মন,
অচেনা এক পথিক শেষে
হলো আপনজন।
অম্বরেতে কালো মেঘের
গুরুগর্জন ,
প্রেম বৃষ্টির স্রোতে ভাসে
উথাল পাথাল মন।
এক দেখাতেই ভালো লাগা
এক দেখাতেই চাওয়া,
একটু চেনার মাঝেই হলো
ভালোবাসা পাওয়া।
জীবন মাঝে চলার পথে
প্রথম তোমার দেখা,
হয়তো এটাই শেষ দেখা এই
টানবে ইতিরেখা।
চারটি আঁখির মিলন-বেদন
স্মৃতির ছবি আঁকে…
পথ ফুরালে যাবো চলে
দুইজনা দুই বাঁকে।