মুখোশ

মৌসুমী মন্ডল (কলকাতা)

   "আরে দাদা!কি দারুন লিখেছেন!

কি যে ভালো এঁকেছেন!কোথাও কি শিখেছেন?

আপনার তো আছে দেখি অন্নেক ভক্ত
আমাকেও করে নিন তালিকায় যুক্ত।

না,না,না বাড়াবাড়ি করছি না একদম,
আপনার প্রশংসা করি আমিও হরদম।

আবৃত্তি তো শুনি মন-প্রাণ মেলে নিয়ে,
কি ধাতুতে আপনারা গড়া, ভাবি শুধু মন দিয়ে।

বক্তৃতা,চিন্তায় হয় নাতো তুলনাই
আপনার গুণগান সর্বদাই গাই তাই।

আরে দাদা শুনে যান,কিছু বলবেন না,
প্রশংসা যাই করি,কম হয়ে যাবে না!

কি বলেন!একবার হেরেছেন ডিবেটে?
মেডেল টা আসে নি এইবার পকেটে?

একেবারে ঠিকঠাক বিচার টা হয়েছে,
পৃথিবীতে গুণ শুধু আপনার ই রয়েছে?

খুশি হনু হেরেছেন,ঝাঁটা মারি মুখেতে,
প্রশংসা আপনার করি কোন দুখেতে?

ধুত্তোর যান তো,কাজ কত পড়ে রয়,
আপনার কথা বলা সময়ের অপচয়।

যাই গিয়ে খুঁজে নিই ,সেরা কারা হলো ফের,
তাদের সুনাম গাব ,সেই ভালো হবে ঢের।”

এরকম মোসাহেব থাকে সর্বত্র,
সুখের দিনেতে এরা মেলে ধরে ছত্র।
কষ্টের দিন যেই হানা দেয় দুয়ারে,
এরা ছেড়ে,যায় ফেলে দুঃখের ভাগাড়ে।
বিপদেই চেনা যায় শত্রু বা মিত্র,
মুখোশটা সরে,আসে আড়ালের চিত্র।
কলঙ্ক এরা সব,বন্ধু মোটেই নয়,
সত্যি বন্ধু,শুধু সেইজন হয়……
সুখে হাসে একসাথে,দুঃখে হয় সঙ্গী,
বাকি সব মুখোশের কৃত্রিম ভঙ্গী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *