অঙ্কিতা চ্যাটার্জ্জী, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান -:
বেতন কম অথচ কর্মস্থলে অস্বাভাবিক কাজের চাপ, চার মাসের ইনসেন্টিভ এবং এক বছরের পিএলআই বাবদ প্রাপ্য অর্থ না পাওয়ার জন্য প্রতিবাদ সহ মাসিক ১৫,০০০ টাকা ভাতা, চাকরির স্থায়ীকরণ, কর্মরত অবস্থায় কোনও আশাকর্মী মারা গেলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ইএসআই ও পিএফ সুবিধা সহ একাধিক দাবিতে গত ২৩ শে ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে আশা কর্মীদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি চলছে।
এদিকে দুর্গাপুরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তার দুর্গাপুর সফরের ঠিক আগে ২৯ শে ডিসেম্বর সিটি সেন্টারে দুর্গাপুর পৌরনিগমের সামনে রাস্তা অবরোধ করেন আশা ও স্বাস্থ্যকর্মীরা। প্রায় ১৭৫ জন আশা কর্মী প্ল্যাকার্ড হাতে এই বিক্ষোভে অংশ নেন এবং দাবি পূরণ নাহলে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে হুঁশিয়ারি দেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে দুর্গাপুর পৌরনিগম প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব কর্মীদের বিক্ষোভ প্রত্যাহার করে কাজে ফেরার আবেদন জানান। কিন্তু বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন।