যাই বলতে নেই

পূজা দাস বোস (কলকাতা)

হারিয়ে ফেলা শব্দটার সঙ্গে সেই আমার প্রথম পরিচয় ,
যেদিন সংখ্যা না চিনেই বিয়োগ শিখেছিলাম।
শাপলা বিলের গল্প বলে, নৌকা চড়ার স্বপ্ন দেখিয়ে যে আমার চোখে ঘুম নিয়ে আসতো ।
পুতুল খেলার একমাত্র সাথি ,
ভালোবাসা না বুঝেই যাকে ভালোবাসি বলেছিলাম ।
হ্যাঁ সে আর কখনো ফিরে আসেনি।
একদিন সামনে দিয়ে চলে গেল !
শিশু মনের অভিমানে বলেছিলাম যাও,
তখন তো বুঝিনি কাঁধে চেপে গেলে মানুষ আর ফেরে না ।
সেই অবুঝ কান্না জমানো অভিমানের সাক্ষী সিঁড়ি ঘরের দেয়াল ।
তারপর কত দিন , মাস , বছর ফুরিয়ে গেল ঠাকুরদার মুখ আর মনে নেই ।
তবু এখনো মৃত্যু শব্দটা শুনলেই বুকের ভেতর প্রতিধ্বনি হয়
চোখে অকারণ জল আসে ! অঙ্কটা কিছুতেই মেলাতে পারিনা।
ইদানিং আমি বিষণ্ন হলে যে খুব দর্শনের কথা বলে
যা শুনলে আমার কেবল মনে হয় না পড়া বইএর কোনো পাতা।
আজ দেখি বরাবর অঙ্কে প্রথম হওয়া সেই ছেলেটাও শূন্যতার সূত্র খুঁজে পাচ্ছেনা ।
শশ্মানে অস্থি ভাসানো ঘাটের কাছে বোসে একটা মরা গাছের দিকে তাকিয়ে আছে ,
ও কাঁদছে ওর চোখে জল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *