রুনা মুখার্জী (কলকাতা)

তুমি রাগ করেছো বলে,
ওই দেখো, প্রজাপতিগুলো ভয় পেয়ে,
ফুলের মধু না খেয়ে,
ফুলের উপর বসে, দূর থেকে তোমায় চুপটি করে ভয়ে ভয়ে দেখছে।
তুমি রাগ করেছো বলে, তোমার হাতে লাগানো,
গোলাপের পাপড়ি গুলো সব ঝরে পড়ছে।
তোমার জন্য ওদেরও যে মন খারাপ।
ওই দেখো, আকাশের বুকে ভেসে থাকা, সাদা তুলোর মতো মেঘেরা,
তোমার কালো মুখ দেখে ,
ওরাও মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে।
ওই দূরে গাছের সবুজ পাতাগুলো, মাথা নেড়ে নেড়ে বলছে,
তুমি রাগ করোনা।
তুমি কি শুনতে পাচ্ছ ওদের কথা?
সমুদ্রের গর্জনও কত শান্ত হয়ে গেছে।
তোমাকে দেখে সমুদ্রও যে কষ্ট পাচ্ছে।
তোমাকে রাগতে দেখে,
হাসনুহানার সুগন্ধও মলিন হয়ে গেছে।
তুমি কি বুঝতে পারছ সে কথা?
তুমি রাগ করেছো বলে, কৃষ্ণচূড়ার ফুলগুলো ,
কেমন মনমরা হয়ে শুকিয়ে গেছে।
আর ওই দেখো, সাদা সাদা সিউলি ফুলগুলো,
কালো হয়ে গেছে।
তুমি রাগ করে তোমার হাতে লাগানো ,
গাছটার নিচে বসে আছো,
আর দেখো, গাছের শুকনো পাতা গুলো তোমার মাথার উপর কেমন পড়ছে।
যেন ওরা তোমার মাথায় হাত বুলিয়ে তোমার রাগ কমিয়ে,
তোমাকে শান্ত করার চেষ্টা করছে।
কারণ তোমার মাথায় হাত বোলালে,
তুমি শান্ত হয়ে যাও ।তোমার অভিমান কমে যায়।
তাই তো ওরা ওটাই করছে।
কারণ ওরা তো জানে,
তুমি বাচ্চাদের মতোই অভিমান করো ।
এখনো যদি তুমি রাগ করে থাকো,
তবে যে ওরা অনেক কষ্ট পাবে।
তুমি কি চাও ওরা কষ্ট পাক ?
চাও না তো।
কারণ ওরা যে তোমার প্রাণ।
রাগ কমিয়ে তুমি একটু হাসো,
দেখবে ওরাও তোমাকে দেখে কত খুশি হবে।
তোমাকে সবাই কত ভালোবাসে।
তুমি কেন বুঝতে পারো না,
ওদের ভালোবাসার কথা?