জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, কলকাতা -:
ফের স্ক্রাব টাইফাসের আক্রমণৃর আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতা, দুই মেদিনীপুর সহ রাজ্যের একাধিক জেলায়। প্রতিবেশী বিহার ও ঝাড়খণ্ড থেকেও আক্রান্ত রোগীরা চিকিৎসার জন্য কলকাতায় আসছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ১৫ থেকে ২৫ বছর বয়সীরা। এবার সংক্রমণ মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে পড়ছে। ফলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে।
সংক্রমণ বিশেষজ্ঞদের মতে স্ক্রাব টাইফাস রোগের জন্য ওরিয়েন্টিয়া সুতসুগামুশি ব্যাকটেরিয়া দায়ী। লেপ্টোট্রোম্বিডিয়াম ডেলিয়েন্স ধরনের মাইট বা চিগারের কামড়েই এই রোগ হয়। ঝোপঝাড়, জঙ্গলে এগুলো জন্মায়। প্রাথমিক লক্ষণ হিসাবে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা ইত্যাদি দেখা যায়। কিন্তু সাধারণ ভাইরাল জ্বর ভেবে উপেক্ষা করার জন্য পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সম্ভাব্য বিপদ এড়ানোর জন্য ৩-৪ দিনের বেশি জ্বর থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে দেরী হলে জীবনসংশয় হতে পারে। এছাড়া বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে।