কাজল মিত্র, সালানপুর:- পশ্চিম বর্ধমান জেলার অন্যতম গবেষক নন্দলাল বাউরি কলকাতায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রাজ্য সরকারের দেওয়া বঙ্গভূষণ সম্মানে ভূষিত হলেন।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই সম্মাননা তুলে দিলেন নন্দলাল বাউরির হাতে।
এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকার গুণীজন ব্যক্তি উপস্থিত ছিলেন। এদিন বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মান সরকারের পক্ষ থেকে মনোনীত গুণীজনদের হাতে সম্মাননা দেওয়া হয়। এদের মধ্যে এই রাজ্যের প্রত্যন্ত গ্রাম পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েত এলাকার মনহরা গ্রামের বাসিন্দা নন্দলাল বাবুর হাতেও এই সম্মান তুলে দেওয়া হয়।

মূলত দীর্ঘকাল ধরে নিম্নবর্গ জনগোষ্ঠীকে নিয়ে তিনি গবেষণা করে আসছেন একই সাথে বাউরি জনগোষ্ঠীর উপরে গবেষণা কাজ করেছেন আর এই কারনেই পুরস্কার মঞ্চেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শ্রীমতি বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তার হাতে স্মারক, বেশ কিছু গ্রন্থ এবং আর্থিক পুরস্কার তুলে দেন। বছর ৬৩-র নন্দলাল বাবু ইতিমধ্যেই সাতটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেছেন। তারমধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হল “রাঢ়ের বাউরি চুয়াড় বিদ্রোহ”, “বাউরি জনগোষ্ঠীর ইতিহাস” (প্রথম ও দ্বিতীয় খন্ড) ইত্যাদি। নিম্নবর্গীয় জনগোষ্ঠীকে নিয়ে গবেষণা কর্মে এর আগে নানান সম্মান প্রাপ্তি হলেও সরকারিভাবে এত বড় সম্মান পেয়ে তিনি আরও উৎসাহিত হলেন। তিনি জানান যে এই পুরস্কার তাকে তার কাজে আরো চিন্তাভাবনার খোরাক যোগাবে।
উল্লেখ্য, নন্দলাল বাবু “সরাণ” নামের একটি সাহিত্য পত্রিকা বহুদিন ধরেই প্রকাশ করে আসছেন। তার বলিষ্ঠ সম্পাদনায় এই পত্রিকা রাঢ় অঞ্চলের বহু লেখকের রচনাকে বিদ্যোৎ সমাজে তুলে ধরেছে। নন্দলাল বাবুর এই সম্মান প্রাপ্তি পশ্চিম বর্ধমান জেলা তথা বঙ্গের কবি সাহিত্যিক গবেষকদের কাছে বিশেষ আনন্দের।

