রাত পোহালেই আসানসোলে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল,

আকর্ষণীয় অনুষ্ঠান হলো অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর নৃত্য পরিবেশন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী: আসানসোল:-

সদ্য শেষ হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। রাজ্য তথা দেশের সীমা ছাড়িয়ে এই উৎসবের মাহাত্ম্য পৌঁছে গেছে বিশ্বের দরবারে। উৎসবের গুরুত্ব আরও বাড়িয়ে দিতে 

গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর  উৎসাহে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজোর কার্নিভাল। ফলে শহরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ বাড়িতে বসে বা সেখানে উপস্থিত থেকে কলকাতার বিভিন্ন মণ্ডপের দুর্গাপ্রতিমা দেখার সুযোগ পাচ্ছে। বাংলার দুর্গোৎসবকে ইউনেস্কো ‘কালচারাল হেরিটেজ’ এর স্বীকৃতি দেওয়ার পর কলকাতার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলাতেও দুর্গাপুজোর কার্নিভাল ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ফলে আসানসোলেও শুরু হয়েছে কার্নিভাল। জানা যাচ্ছে এবছর আগামী ৪ ঠা অক্টোবর আসানসোলে তৃতীয়বারের জন্য দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। এই কার্নিভালকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ইতিমধ্যে আসানসোল পৌরনিগম, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার  সকালে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের নেতৃত্বে জেলা প্রশাসন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও আসানসোল পুরনিগমের একটি দল কার্নিভাল এলাকা পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন পশ্চিম পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল দুর্গাপুরের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জী সহ আরও অনেকেই। 

জেলাশাসক বলেন, শনিবার আসানসোল এবং দুর্গাপুরে পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। আসানসোলে ১৫টি দুর্গাপূজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করবে। এর প্রস্তুতি প্রায় সম্পন্ন। শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য কার্নিভাল দেখতে আসা মানুষদের জন্য কিছু জায়গায় শেড তৈরি করা হচ্ছে। 

গুরুদাস চ্যাটার্জী বলেন, প্রতি বছরের মতো এ বছরও আসানসোলে কার্নিভালের আয়োজন করা হচ্ছে। দুর্গাপূজোর পরে এটি আসানসোলের সবচেয়ে বড় উৎসব। গত বছর ১২টি কমিটি কার্নিভালের অংশ ছিলো। এ বছর কমিটির সংখ্যা ১৫টি। এই বছর ২০ হাজার মানুষ কার্নিভাল দেখতে পারেন, তার ব্যবস্থা করা হয়েছে।

জানা যাচ্ছে এবছরও এই কার্নিভাল বার্ণপুর রোড পুলিশ লাইন থেকে শুরু হয়ে ভগৎ সিং মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং ১৫ টির বেশি  দুর্গাপুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করতে পারে। দর্শকদের মনোরঞ্জনের জন্য কার্নিভালের শুরুতে আদিবাসী নৃত্য, ছৌ নৃত্য সমৃদ্ধ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলির পক্ষ থেকেও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। এবারের কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার বিশিষ্ট শিল্পীর উপস্থিত থাকার সম্ভাবনা আছে। 

কার্নিভাল চলাকালীন যানজট এড়ানোর জন্য বার্ণপুর রোডের কোর্ট মোড় পুলিশ লাইন থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার পাশাপাশি অন্য সব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কার্নিভালের সময় নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ, কমব্যাট ফোর্স ও বিশেষ বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্নিভালকে কেন্দ্র করে ধীরে ধীরে এলাকার বাসিন্দাদের মধ্যে আগ্রহ বাড়ছে। জেলা প্রশাসনের আশা এবারও কার্নিভাল সফল হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রত্যকের কাছে আবেদন করা হচ্ছে।

এই কার্নিভাল অনুষ্ঠানের আকর্ষণীয় অনুষ্ঠান হলো অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর নৃত্য পরিবেশন ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত পরিবেশন হবে বলে জানা গেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *